ঢাকা | জুলাই ২১, ২০২৬ - ৮:৫৮ অপরাহ্ন

শিরোনাম

সিরাজগঞ্জে ফুটবল খেলা নিয়ে বিরোধে যুবককে হত্যা, গ্রেপ্তার ২

  • আপডেট: Monday, July 20, 2026 - 10:24 pm

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে মো. ইলিয়াস খান (২৬) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকেলে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামের আব্দুল আজিতের ছেলে মো. রাসেল (৪২) এবং একই এলাকার মৃত আব্দুল মোমিন খানের ছেলে সোহেল খান (৪০)। নিহত ইলিয়াস একই গ্রামের সাত্তার খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে ইলিয়াস খানের সঙ্গে রাসেলের কিশোর ছেলে সিয়াম আহমেদের বিরোধ হয়। পরে রাসেল ও তাঁর ছেলে সিয়াম ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ইলিয়াসকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই রতন আলী বাদী হয়ে রায়গঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযান চালিয়ে রাসেলকে সিরাজগঞ্জ শহর থেকে এবং সোহেল খানকে কামারখন্দ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত কিশোর সিয়াম আহমেদ পলাতক রয়েছে। রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ. ফ. ম. ওবায়দুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ইলিয়াসের মৃত্যু হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতকসহ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।