ঢাকা | জুলাই ১৯, ২০২৬ - ৩:২৫ পূর্বাহ্ন

শিরোনাম

পোরশায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু

  • আপডেট: Saturday, July 18, 2026 - 10:17 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় শয়নকক্ষে বিষধর সাপের কামড়ে রাকিবুল ইসলাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম হরিপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাকিবুল ওই গ্রামের মমতাজ আলীর ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে নিজ শয়নকক্ষে রাকিবুলকে একটি বিষধর সাপ কামড় দেয়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সাপের কামড়ের বিষয়টি টের পাওয়ার পর পরিবারের লোকজন প্রথমে তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে অবস্থার কোনো উন্নতি না হওয়ায় পরবর্তীতে তাকে দ্রুত পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীকে যখন হাসপাতালে আনা হয়, ততক্ষণে বিষ শরীরে ছড়িয়ে পড়েছিল। হাসপাতালে আনার পর যথাযথ চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। যে কোন সাপে কামড় দিলে ওঝার কাছে নিয়ে সময় নষ্ট না করে সরাসরি হাসপাতালে নিয়ে আসার জন্য তিনি স্থানীয়দের পরামর্শ দেন।