ঢাকা | জুলাই ১৯, ২০২৬ - ৩:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম

এমপি চাঁদের পরিদর্শন পেট্রোল বোমায় পুড়লো আড়ানী বিএনপি কার্যালয়

  • আপডেট: Saturday, July 18, 2026 - 10:22 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় পুড়িয়ে দেওয়া হয়েছে আড়ানী পৌর  বিএনপির  কার্যালয়। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আড়ানী পৌর বাজারের বড়াল নদের পূর্ব পাশে ব্রিজ সংলগ্ন এই কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।

অফিসে দুই পাশে অনেকগুলো দোকান বন্ধ থাকায় তাদের কোন ক্ষতি হয়নি। এ ঘটনায় গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী -৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে  বাজার পাহারাদার বুলবুল হোসেন  বলেন, ঘটনার সময় ওই স্থানে ছিলাম না। পরে এসে দেখি বিএনপি অফিসে সামনে অনেক লোকজন। সেখানে আগুনে পোড়া জিনিসপত্র।

আড়ানী তালতলা বাজারের ঝালমুড়ি বিক্রেতা আকতার হোসেন বলেন, রাত সাড়ে ১০ টার দিকে বড়াল ব্রিজের দিকে বিকট শব্দ শুনতে পায়।  পরে সেখানে গিয়ে দেখি পৌর বিএনপি কার্যালয়ে আগুন জ্বলছে। পেট্রোলের গন্ধ। এ সময় রকি আহমেদ জিনারুল ইসলাম, জয়নাল আবেদীন, পলাশ হোসেনসহ অনেকেই আগুন দেখেন। তারা আগুন নিয়ন্ত্রণ করেন। রাকি আহমেদ বলেন, ঘটনা দেখে বাঘা থানার ওসি, বিদ্যুত অফিস, পৌর বিএনপি সভাপতিকে অবগত করি। তারা রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন।

আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক বলেন, খবর পেয়ে রাতে গিয়ে দেখি কার্যালয়ে দুটি দরজার মধো একটি দরজা খোলা। পেট্রোল বোমার আগুনে কার্যালয়ের ভেতরে থাকা টিভি, চেয়ার, টেবিল, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি পুড়া দেখতে পায়।  এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করা যায়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা  নিবেন।

উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে। সেখানে আগুনে পুড়ে যাওয়ার কিছু জিনিসপত্র দেখেছি। গতকাল শনিবার সকাল সাড়ে ৯ টায় সংসদ সদস্য আবু সাইদ চাঁদ ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন,  এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দুর্বৃত্তদের চিহ্নিত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেরাজুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। অফিসের ভিতরে পেট্রোলের গন্ধ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হবে।