ঢাকা | জুলাই ১৭, ২০২৬ - ১২:৪০ পূর্বাহ্ন

‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘দে ধাওয়া’ কর্মসূচি

  • আপডেট: Thursday, July 16, 2026 - 10:44 pm

স্টাফ রিপোর্টার: ২০২৪ সালের ১৬ জুলাই আন্দোলনের মুখে ছাত্রলীগ মুক্ত হওয়ার ঘটনাকে স্মরণে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রতীকী ‘দে ধাওয়া’ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ক্যাম্পাসের বিজয় ২৪ হল সংসদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা ম্যারাথনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় ২৪ হলের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। কর্মসূচিতে তৎকালীন ছাত্রলীগ নেতাদের প্রতীকী চরিত্র তৈরি করে বিতাড়নের দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়।

সমাবেশে বক্তব্য দেন রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার ও বিজয় ২৪ হলের ভিপি রাসেল মিয়া। বক্তারা বলেন, দুই বছর আগে শিক্ষার্থীরা যেভাবে স্বৈরাচারী শক্তির ভয় ভেঙে ক্যাম্পাসকে সন্ত্রাসের হাত থেকে মুক্ত করেছিল, এই আয়োজন তারই স্মৃতি স্মারক। ক্যাম্পাসে সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ অবস্থান অব্যাহত থাকবে।