আত্রাইয়ে সহকারী তহশিলদারের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে এক সেবাগ্রহীতার সঙ্গে অসদাচরণ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ইউনিয়ন ভূমি অফিসের সহকারি তহশিলদারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সেবাগ্রহীতা সুষ্ঠু বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী উপজেলার চৌধুরী ভবানীপুর গ্রামের সমসের আলীর ছেলে আইয়ুব আলী। তিনি অভিযোগে বলেন, উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ৬৯ শতক জমির মালিকানা নিয়ে একই উপজেলার রসুলপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত জাফের আলীর স্ত্রী মনোয়ারা বিবির সঙ্গে আদালতে মামলা চলমান রয়েছে।
এরই মধ্যে মনোয়ারা বিবি ওই জমি নিজের দাবি করে তাঁর নামজারি (খারিজ) বাতিলের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আহসানগঞ্জ-শাহাগোলা ইউনিয়ন ভূমি অফিস থেকে তাঁকে নোটিশ দেওয়া হয়।
আইয়ুব আলীর দাবি, তিনি আদালতে চলমান মামলার কাগজপত্র উপস্থাপন করে আবেদনটি বাতিলের অনুরোধ জানান। কিন্তু তহশীলদার মোস্তাফিজুর রহমান আদালতে বিচারাধীন বিষয়টি উপেক্ষা করে একতরফাভাবে সরেজমিন তদন্ত করেন এবং মনোয়ারা বিবির আবেদনের ভিত্তিতে তাঁর নামজারি বাতিলের প্রক্রিয়া শুরু করেন।
তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি জানতে পেরে গত ১৭ জুন ভূমি অফিসে গেলে তহশিলদার তাঁর সঙ্গে অশোভন আচরণ করেন এবং নামজারি বাতিলের হুমকি দিয়ে অফিস থেকে বের হয়ে যেতে বলেন। পরে গত ১৩ জুলাই তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
তবে অভিযোগ অস্বীকার করে তহশিলদার মোস্তাফিজুর রহমান বলেন, “আমি কাউকে হুমকি বা অসদাচরণ করিনি। সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশনা অনুযায়ী সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছি।”
এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, “অভিযোগটি এখনও আমার নজরে আসেনি। অভিযোগ পেয়ে থাকলে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”











