নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি
স্টাফ রিপোর্টার: পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার নগরীর চৌদ্দপাই এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়কের ডিভাইডারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে এরিকা পাম প্রজাতির গাছ রোপণ করা হয়। বর্তমান সরকারের পরিবেশ সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমানের নেতৃত্বে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এ কর্মসূচির আওতায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের উদ্যোগে প্রায় সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই কর্মসূচির মাধ্যমে শুধু ক্যাম্পাস নয়, আশপাশের এলাকাতেও সবুজ পরিবেশ গড়ে তোলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।
রোববার আইন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মকসুদুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক আবুল কালাম আজাদ, আইন বিভাগের বিভাগীয় প্রধান শামীমা সুলতানা এবং আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।










