ঢাকা | জুলাই ৬, ২০২৬ - ১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে অটোরিকশা ভাঙচুর ও টাকা ছিনতাই, কিশোর গ্যাংয়ের ৬ জন গ্রেপ্তার

  • আপডেট: Monday, July 6, 2026 - 12:10 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় পথরোধ করে একটি অটোরিকশা ভাঙচুর, চালককে মারপিট এবং ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরএমপির শাহমখদুম থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গতকাল রোববার ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের জেলহাজত ও সংশোধনাগারে পাঠানো হয়েছে। আরএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- শাহমখদুম থানার কালুর মোড় এলাকার রুহুল আমিনের ছেলে রাকসান আলী (২০), খিরসিন টিকর গ্রামের লামা (১৫), একই গ্রামের আবিদ আলী (১৬), চন্দ্রিমা থানার কেচুয়াতৈল গ্রামের জাহিদুল (২০) এবং বড়বনগ্রাম কচুপাড়া গ্রামের প্রান্ত (১৯)।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই শাহমখদুম থানার ডাবতলা সড়কে সিটিহাটগামী একটি অটোরিকশার গতিরোধ করে এই কিশোর গ্যাংয়ের সদস্যরা। তারা চালককে লাঠি ও বাটাম দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে এবং মোবাইল ফোন কেনার জন্য তার কাছে থাকা জমানো ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এ সময় পুলিশকে জানালে প্রাণনাশের হুমকিও দেয় তারা। ঘটনার রাতেই অটোরিকশাচালক বাদী হয়ে শাহমখদুম থানায় অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তার করে।