ঢাকা | জুলাই ৬, ২০২৬ - ৩:২৮ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীকে নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

  • আপডেট: Sunday, July 5, 2026 - 11:28 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ (বারসিক) এর আয়োজনে ‘সবার জন্য নিরাপদ আবাসন; অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল রাজশাহী গঠনে নগর সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে মহানগরীর একটি হোটেলের কনফারেন্স রুমে এই সংলাপের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীকে একটি পরিচ্ছন্ন, সবুজ, বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নগর হিসেবে গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশন বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে। নাগরিক সুবিধা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, জলাশয় সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছেন। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদের শুভেচ্ছা উপহার হিসেবে আর্থিক অনুদানও দিয়েছেন।’

নিরাপদ আবাসন নিশ্চিতকরণে সবার সহযোগিতা কামনা করে তিনি আশা প্রকাশ করেন যে, এই সংলাপ থেকে প্রাপ্ত সুপারিশ ও মতামত ভবিষ্যতের নগর পরিকল্পনা ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জনবান্ধব ও অংশগ্রহণমূলক উন্নয়ন কার্যক্রমে সিটি কর্পোরেশনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংলাপে নগর উন্নয়ন, আবাসন অধিকার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন অংশীজন তাদের গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সেভ দ্য ন্যাচার অ্যান্ড লাইফের চেয়ারম্যান মিজানুর রহমান, নদী গবেষক মাহাবুব সিদ্দিকী এবং নগর দারিদ্র্য অধিকার বাস্তবায়ন কমিটির নীলুফা ইসমাত আরা। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ২০২৬-২০২৭ অর্থবছরের নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাসিকের বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

গতকাল রোববার সকালে নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরকক্ষে সাক্ষাৎ করে রাসিকের প্রকৌশল বিভাগ, রাজস্ব বিভাগ, স্বাস্থ্য বিভাগ ও সচিবালয় বিভাগের সাধারণ প্রশাসনিক শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় রাসিক প্রশাসক নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং নাগরিক সেবা সুনিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেন।

শুভেচ্ছা বিনিময়কালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো নূর-ঈ সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃতী শিক্ষার্থীদের ব্যক্তিগত তহবিল থেকে উপহার: এদিকে, গত ২৫ জুন বুধপাড়া আলিম মাদ্রাসা ভবনের নতুন ৪র্থ তলার উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে দেয়া নিজের প্রতিশ্রুতি রক্ষা করেছেন রাসিক প্রশাসক। ওই অনুষ্ঠানে তিনি কৃতী ১২ শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে উপহার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির বাস্তবায়নে গতকাল রোববার বিকেলে নগর ভবনে মাদ্রাসার ১২ জন কৃতী শিক্ষার্থীর প্রত্যেকের হাতে ব্যক্তিগত উদ্যোগে ৫ হাজার টাকা করে নগদ অর্থ উপহার তুলে দেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

নগদ অর্থ উপহার পাওয়া শিক্ষার্থীরা হলেন- সাইয়েদুল আববার সাইফ, আব্দুল্লাহ আল মাহী, সিরাতুল মুরসালিন সিরাত, তাসাউফ আহমাদ, রাফিয়া আক্তার রুকু, শাহরিন আক্তার রিমি, আব্দুল্লাহ আল আতিব, মোর্তুজা, জাহিন মুরসালিন, ফয়সাল মাহমুদ, মোহাম্মদ ইসতিয়াক ও আব্দুর রহমান। এ সময় মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল করিম সিদ্দিকীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আইইবি’র ফল উৎসবের উদ্বোধন: অপরদিকে, গতকাল রোববার বিকেলেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), রাজশাহী কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’ এর উদ্বোধন করেছেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। আইইবি রাজশাহী কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশীয় মৌসুমি ফলের পুষ্টিগুণ, নিরাপদ খাদ্যাভ্যাস এবং দেশীয় ফলের উৎপাদন ও ব্যবহারে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।

আইইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী সরদার আনিছুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি ভাইস চেয়ারম্যান (অ্যাডমিন) মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান (একাডেমী) প্রকৌশলী আব্দুর রশীদ এবং সম্পাদক প্রফেসর ড. রবিউল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোশাররফ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল হোসেন, সিনিয়র প্রকৌশলীবৃন্দ ও কর্পোরেট মেম্বারগণ উপস্থিত ছিলেন।