রুয়েটে আইআইসিটির চতুর্থ বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত
রুয়েট প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি)-এর চতুর্থ বোর্ড অব গভর্নরস এর সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রুয়েটের উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। সভায় আইআইসিটি-এর কর্মপরিধি তুলে ধরে এর ভবিষ্যৎ উন্নয়ন ও কার্যক্রমের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আইআইসিটির পরিচালক ও কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন রুয়েটের ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল কাদের জিলানী, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. একরামুল হামিদ।
এদিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রকৌশলী আহসান হাবিব।
শনিবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রকৌশলী আহসান হাবিব রুয়েটে কাটানো তাঁর ছাত্রজীবনের স্মৃতিচারণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করেন। আলাপচারিতা শেষে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার এবং প্রধান প্রকৌশলী শাহাদৎ হোসেন।











