বাঘায় বসতবাড়ি থেকে গাঁজার গাছ উদ্ধার, নারী গ্রেপ্তার
বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় নিজের বসতবাড়িতে গাঁজার গাছ চাষের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর বাড়ি থেকে দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিকেলে বাঘা থানা পুলিশের একটি দল উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা গ্রামে অভিযান চালায়। অভিযানে ওই গ্রামের মতলেব প্রামাণিকের মেয়ে রেহানা বেগমকে (৪৫) তাঁর বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে তাঁর বাড়ি থেকে দুটি বড় গাঁজার গাছ জব্দ করে পুলিশ।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেহানা বেগম বিক্রির উদ্দেশ্যে এই গাঁজার গাছ রোপণ ও পরিচর্যা করার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় রেহানা বেগমের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর-১২, তারিখ: ২০ জুন ২০২৬)। আইনি প্রক্রিয়া শেষে আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, মাদকসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।











