ঢাকা | জুন ২১, ২০২৬ - ৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম

রাণীনগরে মোটরসাইকেল ছিনতাইকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

  • আপডেট: Saturday, June 20, 2026 - 11:01 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পথ রোধ করে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় স্থানীয়দের সহযোগিতায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কের রাণীনগর উপজেলার গোনা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে একটি ধারালো চাকু, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় রাতেই মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী মাহাবুব আলমের দাবি, গত দুই মাস আগেও একই স্থানে দেশীয় অস্ত্রের মুখে তাঁর আরও একটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল।

ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা গেছে, রাণীনগর উপজেলার গোনা খানপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে মাহাবুব আলম গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোনা বাজার থেকে একজনকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে এলাকার বড়বড়িয়া বাজারে যাচ্ছিলেন।

পথিমধ্যে রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কের গোনা মোড় এলাকায় পৌঁছালে ৭ থেকে ৮ জনের একটি ছিনতাইকারী চক্র তিনটি মোটরসাইকেলযোগে এসে তাঁর চলন্ত গাড়িকে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে। এ সময় ছিনতাইকারীরা লাথি ও কিল-ঘুষি মেরে তাঁদের মোটরসাইকেল থেকে ফেলে দেওয়ার এবং গাড়িটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

এসময় মাহাবুব আলম ও তাঁর সঙ্গী চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে থানা-পুলিশকে খবর দিলে পুলিশ ও স্থানীয় জনতা ধাওয়া করে এলাকার খটেশ্বর মোড় এলাকায় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ তিনজনকে হাতেনাতে আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলো-নওগাঁ সদরের চন্ডিপুর উত্তর সরদারপাড়া গ্রামের সেন্টু হোসেনের ছেলে ফয়সাল হোসেন (২১), বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের ফিরোজ মন্ডলের ছেলে সানা মন্ডল (২২) এবং একই গ্রামের মমিদুল ইসলামের ছেলে রাব্বী হাসান (১৯)। এ ঘটনায় মাহাবুব আলম বাদী হয়ে রাতেই রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে একটি ধারালো চাকু, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় রাতেই মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।