ঢাকা | জুন ১৫, ২০২৬ - ৪:৩৭ পূর্বাহ্ন

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু সহনশীল নগর গঠনের দাবি

  • আপডেট: Sunday, June 14, 2026 - 11:18 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর প্রান্তিক ও বস্তিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় “প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর: সবুজায়ন, নগর কৃষি ও ন্যায়ভিত্তিক উন্নয়নের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নগর গঠনে একটি নীতিপত্র” শীর্ষক নীতিপত্র প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এর উদ্যোগে রোববার নগরীর রাণীবাজারে অবস্থিত এক সেমিনার হলে সংলাপ অনুষ্ঠিত হয় এবং নীতিপত্র প্রকাশ করা হয়। বারসিকের “পোভার্টি রিডাকশন অ্যান্ড আরবান রেজিলিয়েন্স প্রোগ্রাম”-এর আওতায় নগরীর ১৪টি বস্তিতে পরিচালিত মাঠ পর্যায়ের অনুসন্ধান, কেস স্টাডি ও পরিবারভিত্তিক সাক্ষাৎকারের ভিত্তিতে এ নীতিপত্র প্রণয়ন করা হয়।

অনুসন্ধানে দেখা গেছে, নগর কৃষি, সবুজায়ন এবং মৌলিক নাগরিক সেবার প্রাপ্যতা বৃদ্ধির মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, আয় বৃদ্ধি, নারী ক্ষমতায়ন, সামাজিক সংহতি এবং জলবায়ু অভিযোজন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব।

নীতিপত্রে নগর কৃষিকে নগর উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা, বস্তিতে কমিউনিটি পুষ্টি বাগান স্থাপন, নিরাপদ পানি-বিদ্যুৎ-স্যানিটেশন নিশ্চিত করা, নারী নেতৃত্বভিত্তিক সবুজায়ন কর্মসূচি চালু করা, জলবায়ু অভিযোজন তহবিল গঠন এবং অংশগ্রহণমূলক নগর পরিকল্পনা প্রণয়নের সুপারিশ করা হয়েছে। বারসিক, রাজশাহীর সহযোগী কর্মসূচি কর্মকর্তা তহুরা খাতুন লিলির সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, বারসিক রাজশাহীর আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম। নীতিপত্রটি পাঠ করেন, বারসিক, রাজশাহীর সহযোগী কর্মসূচি কর্মকর্তা অমিত সরকার।

সংলাপে আলোচনায় অংশ নেন মেট্রেপলিটন কৃষি অফিসার ফারজানা হক; রাজশাহী সিটি কর্পোরেশনের কমিউনিটি উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান, রাজশাহী ওয়াসার সহকারী প্রকৌশী ফারুক আহম্মেদ, গ্রীণ কোয়ালিশন রাজশাহীর সভাপতি নদী ও পরিবেশ গবেষক মাহবুব সিদ্দিকী, বারসিকের প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, বাসস রাজশাহীর বিশেষ সংবাদদাতা ড. আইনাল হক, বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি আতিকুর রহমানসহ প্রমুখ।