ঢাকা | জুন ১৫, ২০২৬ - ১:০৮ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের মেধা বিকাশে ইনোভেশন প্রতিযোগিতা

  • আপডেট: Sunday, June 14, 2026 - 11:16 pm

স্টাফ রিপোর্টার: নগরীতে শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশ, বিজ্ঞানভিত্তিক চিন্তা ও উদ্ভাবনী ধারণাকে উৎসাহিত করতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া প্রদর্শন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে নগরীর রিভারভিউ কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনে দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার।

প্রতিযোগিতায় রাজশাহীর ৯টি উপজেলা থেকে ৯টি দল এবং মহানগর এলাকা থেকে ৪টি দলসহ মোট ১৩টি দল অংশগ্রহণ করে। স্টলগুলোতে শিক্ষার্থীরা স্থানীয় সম্পদ ব্যবহার করে ব্যবসায়িক উদ্যোগ, পাঠ্যবইয়ের বিজ্ঞানভিত্তিক তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ এবং মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে বাস্তবসম্মত উদ্ভাবনী ধারণা তুলে ধরে। আয়োজনটি ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

আয়োজকেরা জানান, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, দলগত কাজের দক্ষতা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি হবে। একই সঙ্গে স্থানীয় সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধান বের করার ক্ষেত্রেও শিক্ষার্থীরা উৎসাহ পাবে। অনুষ্ঠানে জেলা পর্যায়ের প্রোগ্রামের সদস্য সচিব ছিলেন জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান। এ সময় রিভার ভিউ কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মনোয়ারা পারভীন, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।