ঢাকা | জুন ১৩, ২০২৬ - ৮:০২ অপরাহ্ন

শিরোনাম

ইউআইএইচপি ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাজিমাত

  • আপডেট: Wednesday, June 10, 2026 - 10:34 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘ইউআইএইচপি ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬’-এর প্রথম পর্বে অনন্য সাফল্য অর্জন করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।

জাতীয় পর্যায়ের এই উদ্ভাবনভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা চারটি ক্যাটাগরির মধ্যে তিনটিতেই শীর্ষ পুরস্কার ছিনিয়ে নিয়েছে।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের (বিএইচটিপিএ) অধীনে ‘ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম’ (ইউআইএইচপি) আয়োজিত এই প্রতিযোগিতাটি গত ৯ জুন রুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। রাজশাহী অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২৪টি দল এতে অংশ নেয়, যার মধ্যে ইউআইএইচপি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়েরই ছিল ১৫টি দল।

৫টি পুরস্কারের ৩টিই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের:

প্রতিযোগিতায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দলগুলো তাদের মেধা ও উদ্ভাবনী শক্তির স্বাক্ষর রেখে মোট পাঁচটি পুরস্কারের মধ্যে তিনটিই নিজেদের করে নিয়েছে। এর মধ্যে ‘টিম এইচজিটি’ বেস্ট ইনোভেশন অ্যাওয়ার্ড, ‘টিম টেকনোফ্লো’ বেস্ট পিচ অ্যাওয়ার্ড এবং ‘টিম এগ্রিলুমিনেট’ বেস্ট প্রোটোটাইপ অ্যাওয়ার্ড অর্জন করে।

পুরস্কারপ্রাপ্ত এই দলগুলো এর আগে ইউআইএইচপি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ‘প্রি-সিড ফান্ড’ প্রাপ্ত উদ্ভাবনী দল হিসেবে নির্বাচিত হয়েছিল। প্রতিযোগিতার পরবর্তী ধাপে সারা দেশ থেকে নির্বাচিত শীর্ষ ১০০টি দলকে তাদের উদ্ভাবনী উদ্যোগ বাস্তবে রূপায়ণের জন্য ১ লক্ষ টাকা করে ‘সিড গ্র্যান্ট’ প্রদান করা হবে।

রুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলামের প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মোহাম্মদ সিদ্দীকুর রহমান, ইউআইএইচপি রুয়েটের ফোকাল পয়েন্ট আবু ইসমাঈল সিদ্দিকী এবং ইউআইএইচপি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফোকাল পয়েন্ট ফরিদুজ্জামান খান।

এছাড়াও উপস্থিত ছিলেন ডিইআইইডি প্রজেক্টের ট্রেনিং অ্যান্ড ম্যানেজমেন্ট স্পেশালিস্ট রাকিবুল ইসলাম, সোশ্যাল স্পেশালিস্ট খালেদা ইসলাম এবং মালয়েশিয়া থেকে আগত ইউআইএইচপির প্রজেক্ট ম্যানেজার ও এক্সপার্ট টিমের সদস্য আহমেদ জাকির জাফর।

শিক্ষার্থীদের এই গৌরবময় সাফল্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজয়ী শিক্ষার্থী ও ইউআইএইচপির সঙ্গে সম্পৃক্ত সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে, এই অর্জন শিক্ষার্থীদের গবেষণা, নতুন নতুন উদ্ভাবন এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে আরও বেশি অনুপ্রাণিত করবে।