ঢাকা | মে ২৫, ২০২৬ - ১০:১৭ অপরাহ্ন

সীমান্তে বিজিবির চিকিৎসাসেবা পেলেন ৬ শতাধিক মানুষ

  • আপডেট: Monday, May 25, 2026 - 10:00 pm

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে ৫৯ বিজিবি। গত রোববার বিকালে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে সীমান্ত এলাকার প্রান্তিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ৬ শতাধিক নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মেডিকেল ক্যাম্পে মোট ৬৫৩ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। এ সময় রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকদের পরামর্শ এবং বিভিন্ন রোগের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

চিকিৎসাসেবা প্রদান করেন বিজিবি সেক্টর সদর দপ্তর রাজশাহীর মেডিকেল অফিসার মেজর আরুফা আক্তার মৌসুমীসহ দুইজন বেসামরিক চিকিৎসক। মেডিকেল ক্যাম্পের সার্বিক কার্যক্রম সরেজমিনে তদারকি করেন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, সীমান্ত এলাকার অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় এনে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি সবসময় মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

একই সময়ে অধিনায়ক স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর রেজা, কামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সীমান্ত এলাকার অনেক মানুষ আর্থিক সঙ্কটের কারণে নিয়মিত চিকিৎসা করাতে পারেন না। বিজিবির এই বিনামূল্যের মেডিকেল ক্যাম্প তাদের জন্য বড় ধরনের সহায়তা হয়েছে। তারা এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।