পশুহাটে মোবাইল কোর্ট পরিচালনা নওহাটায় জরিমানা
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে মহানগরীর সিটিহাট, পবা উপজেলার নওহাটা হাট, পুঠিয়া উপজেলার ঝলমলিয়া হাট, তানোর উপজেলার মুন্ডুমালা হাট, বাগমারা উপজেলার ভবানীগঞ্জ হাট, চারঘাট উপজেলার নন্দনগাছি হাটসহ জেলার বিভিন্ন উপজেলার কোরবানি পশুর হাটে নির্ধারিত টোল (হাসিল) আদায় করা হচ্ছে কিনা তা তদারকি করার জন্য ডিসির নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালীন হাসিল আদায়ের রশিদবই যাচাই করা হয় এবং পশু ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলে নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। পবা উপজেলার নওহাটা পশুহাটে নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে ইজারাদারকে জরিমানা করা হয়েছে।
সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইজারাদারকে ৫ হাজার টাকা জরিমানা করেন পবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওহাটা পৌরসভার প্রশাসক ইবনুল আবেদীন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নওহাটা পশুহাটে গরুর জন্য নির্ধারিত হাসিল ৫০০ টাকা হলেও নেয়া হচ্ছিল এক হাজার টাকা। একইভাবে ছাগল-ভেড়ার ক্ষেত্রে নির্ধারিত ৩০০ টাকার পরিবর্তে ৬০০/৭০০ টাকা আদায় করা হচ্ছিল।
এ বিষয়ে ইউএনও ইবনুল আবেদীন বলেন, ‘অতিরিক্ত হাসিল আদায়ের বিষয়টি নজরে আসার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। আজ থেকে অভিযান আরও জোরদার করা হবে।’ তিনি আরও বলেন, পবা উপজেলার কোনো পশুহাটে নির্ধারিত হারের বাইরে হাসিল আদায় করতে দেয়া হবে না।
এদিকে জেলার অন্যান্য হাটেও জনসচেতনতা বৃদ্ধি করতে হাট ইজারাদারদের অতিরিক্ত হাসিল আদায় না করার জন্য সতর্ক করা হয় এবং টোল (হাসিল) আদায়ের তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের জন্য নির্দেশ দেওয়া হয়। রাজশাহী জেলার সকল কোরবানির পশুর হাটে নির্ধারিত হাসিলের অতিরিক্ত যেন কোন ইজারাদার আদায় করতে না পারে এ বিষয়ে জেলা প্রশাসন, রাজশাহী এর ভিজিল্যান্স টিমসমূহের মনিটরিং কার্যক্রম সর্বদা চলমান রয়েছে।











