ঢাকা | মে ২৩, ২০২৬ - ১০:৫৩ অপরাহ্ন

শিরোনাম

নগরীতে শিশু রামিসার বিচার ও সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন

  • আপডেট: Saturday, May 23, 2026 - 10:35 pm

স্টাফ রিপোর্টার: শিশু রামিসার বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার মহানগরীর জিরোপয়েন্টে রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুনের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, দেশে সাংবাদিকদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা, হামলা ও হয়রানির ঘটনা উদ্বেগজনক ভাবে বাড়ছে। প্রকৃত সাংবাদিকদের দমিয়ে রাখতে পরিকল্পিতভাবে এসব মামলা দেয়া হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক চর্চার জন্য হুমকি। মানববন্ধনে বক্তারা শিশু রামিসাসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তারা বলেন, এসব ঘটনা দেশের মানবিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অপরাধীরা যেন আইনের ফাঁকফোকর দিয়ে বের হতে না পারে, সে জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ও কঠোর ভূমিকা পালন করতে হবে। এসব ঘটনার দ্রুত বিচার হলে মানুষের আইনের প্রতি আস্থা আরও সুদৃঢ় হবে।

মানববন্ধনে বক্তব্য দেন- রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা বরজাহান আলী, রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক আজিবার রহমান, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার অন্তু, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, সদস্য ও এটিএন বাংলার রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন, সাংস্কৃতিক কর্মী ওয়ালিউল রহমান বাবু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি, আতাউর রহমান ট্রাস্টের সাধারণ সম্পাদক মাসুদ রানা সরকার প্রমুখ।