ঢাকা | মে ২৩, ২০২৬ - ১১:১০ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহী বোর্ডে ২০৮ কেন্দ্রে হবে এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

  • আপডেট: Saturday, May 23, 2026 - 10:42 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। এবার বিভাগের ৮টি জেলার মোট ২০৮টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ ইতিমধ্যেই কেন্দ্র তালিকা চূড়ান্ত করে তা প্রকাশ করেছে। আগামী ২ জুলাই (বৃহস্পতিবার) থেকে শুরু হবে এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা, যা চলবে ৮ আগস্ট পর্যন্ত। এরপরই শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।

রাজশাহী শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (গোপনীয়) জহিরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষা এবং প্রশ্নপত্র ফাঁসের মতো অপতৎপরতা রোধে কঠোর নজরদারি থাকবে।

বোর্ড সূত্রে জানা গেছে, বিভাগের ৮টি জেলার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা কেন্দ্র রয়েছে বিভাগীয় শহর রাজশাহীতে এবং সবচেয়ে কম জয়পুরহাটে। রাজশাহীতে ৪৩টি কেন্দ্র, বগুড়ায় ৩৩টি কেন্দ্র, সিরাজগঞ্জে ৩১টি কেন্দ্র, পাবনায় ২৮টি কেন্দ্র, নওগাঁয় ২৫টি কেন্দ্র, নাটোরে ২০টি কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জে ১৫টি কেন্দ্র এবং জয়পুরহাটে ১২টি কেন্দ্র। পরীক্ষা সুচারুভাবে পরিচালনার জন্য আগামী ১১ জুন থেকে কেন্দ্রওয়ারী প্রয়োজনীয় সব উপকরণ ও খাতা বিতরণ শুরু করবে শিক্ষা বোর্ড। সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বোর্ড থেকে এসব সামগ্রী সংগ্রহ করবেন।

কড়া নজরদারি ও প্রস্তুতি: বোর্ড কর্মকর্তারা জানান, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই কেন্দ্রে প্রবেশ করতে হবে। কেন্দ্রগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং ভিজিল্যান্স টিমের সার্বক্ষণিক তদারকি নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করা হয়েছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের কেন্দ্রগুলোতে প্রশ্নপত্র পরিবহন ও সুরক্ষায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জহিরুল হক বলেন, আমরা একটি সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে বদ্ধপরিকর। পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা পেলে প্রতি বছরের মতো এবারও রাজশাহী বোর্ড সফলভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারবে।

উল্লেখ্য, প্রতি বছরই রাজশাহী শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ও পাসের হারে ছাত্রীদের একটি বড় অংশ ভালো ফলাফল করে থাকে। চলতি সপ্তাহের মধ্যেই চূড়ান্ত পরীক্ষার্থীর পরিসংখ্যান সংবলিত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করবে বোর্ড কর্তৃপক্ষ।