ঢাকা | মে ২০, ২০২৬ - ২:১৪ পূর্বাহ্ন

ভূমি সংক্রান্ত সচেতনতা বাড়লে কমবে অনিয়ম ও দুর্নীতি: বিভাগীয় কমিশনার

  • আপডেট: Wednesday, May 20, 2026 - 12:22 am

স্টাফ রিপোর্টার: বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজলুর রশীদ বলেছেন, ভূমি সংক্রান্ত বিষয়ে আমাদের সচেতনতা আরও বৃদ্ধি করা দরকার। সচেতনতা বাড়লে অনিয়ম ও দুর্নীতি অনেকটা কমে আসবে। আমাদের লক্ষ্য জনবান্ধব, দুর্নীতিমুক্ত এবং অনিয়মমুক্ত ভূমি সেবা প্রদান।

গতকাল মঙ্গলবার রাজশাহীর বোয়ালিয়া ভুমি অফিস চত্তরে মেলার স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি। যেসব অন্যায় ভূমি অফিসে ঘটে সেটা আমাদের সামনে তুলে ধরেন। আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করবো।

বিভাগীয় কমিশনার বলেন, আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী ভূমিসেবা মেলার উদ্বোধন করেছেন। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। ভূমি নিয়ে আমাদের সচেতনতা ও দাপ্তরিক স্বচ্ছতার যথেষ্ট ঘাটতি ছিল। সেটা আমরা অনেকটাই দূর করতে সক্ষম হয়েছি। ভূমি নিয়ে যারা কাজ বা চাকরি করে তাদেরকে আমরা জনবান্ধব করার চেষ্টা করছি। তারই একটা সফল উদ্যোগ এ মেলা। এখানে অনেকগুলো স্টল আছে, যে স্টলগুলোতে মানুষের বিভিন্ন জিজ্ঞাসার সমাধান করতে পারবো। তিনি বলেন, অনলাইনে যেসব কার্যক্রম শুরু হয়েছে- নামজারি, ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য আবেদন, মৌজা ম্যাপ ইত্যাদি বিষয়গুলো মানুষকে আমরা জানাবো যে কী কী সেবা অনলাইনে নিতে পারবেন। এখানে আমরা ভূমি সংক্রান্ত যে কোনো বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

সারাদেশের ন্যায় রাজশাহীতেও তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে তেঁজগাওস্থ ভূমি ভবনে আনুষ্ঠানিক উদ্বোধনীকৃত অনুষ্ঠানটি রাজশাহী বোয়ালিয়া ভূমি অফিস চত্বরে বড় পর্দায় প্রদর্শন করা হয়। এসময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপির অতিরিক্ত কমিশনার ফারুক হোসেন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর ভার্চুয়ালী উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাজশাহী বোয়ালিয়া ভূমি অফিস চত্বরে বিভাগীয় কমিশনার এ মেলার উদ্বোধন করেন। এর আগে নগরীর আইন মহাবিদ্যালয় থেকে বিভাগীয় কমিশনার ড. আ.ন. ম. বজলুর রশীদ ও রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বোয়ালিয়া ভূমি অফিসে শেষ হয়।

মফস্বলে ভূমি সপ্তাহ

বাগমারা
বাগমারায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়কে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যলী শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত আলোচনা সভায় সহকারি কমিশনার (ভুমি) সাইফুল ইসলাম ভূঞার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- রাজশাহী- ৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার, উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহম্মেদ, রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুর রাজ্জাক প্রমূখ।

তানোর
রাজশাহীর তানোরে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় তানোর উপজেলা ভূমি অফিস চত্বরে মেলার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার ও দায়িত্ব প্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) নাঈমা খান। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

দুর্গাপুর
রাজশাহীর দুর্গাপুরে ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে বেলুন উড়িয়ে ৩ দিন ব্যাপি মেলার উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে স্থানীয় বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সেবাগ্রহীতারা অংশ নেন। পরে ভুমি অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার।

পবা
রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসে স্থানীয় পর্যায়ে মেলার উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও আব্দুস সালাম, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম পিটারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।

গোদাগাড়ী
গোদাগাড়ী উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আয়োজনে মেলার উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা শায়লা শারমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, সমবায় কর্মকর্তা জিগার হাসরতসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

চারঘাট
চারঘাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের যৌথ উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান এর সভাপতিত্বে ভূমিসেবা মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

বাঘা
রাজশাহীর বাঘায় তিনদিন ব্যাপি ভূমি মেলা ২০২৬ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই কোরআন তেলায়াত করেন বাঘা মডেল মসজিদের ইমাম হাফেজ মাও: আবুল কালাম। সকল সেবা প্রাপ্তির বিষয়ে অবগত করে স্বাগত বক্তব্য রাখেন মীরগঞ্জ ভূমি অফিসের কর্মকর্তা হোসনে আরা শিরিন।

নিয়ামতপুর
নওগাঁর নিয়ামতপুরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে ভূমিসেবা মেলা। গতকাল মঙ্গলবার সকালে ফিতা কেটে, বেলুন উড়িয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে ব্যানার ও ফেস্টুন হাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের ভূমি সেবাগ্রহীতারা অংশ নেন। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পোরশা
নওগাঁর পোরশায় তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলা শুরু করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় ভূমি অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে এ মেলার শুরু করা হয়। ভূমিসেবা গ্রহনকারী, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীদের অংশ গ্রহনে একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে নেতৃত্ব ও সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম।

রাণীনগর
নওগাঁর রাণীনগরে সারা দেশের মতো ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় এক র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে স্থানীয় হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ইফতেখারুল আলম খান, সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ প্রমুখ।

শিবগঞ্জ
জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর সেবা পৌঁছে দিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিন দিনব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ও ভূমি সংস্কার বোর্ডের সহযোগিতায় শিবগঞ্জ উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।

ভোলাহাট
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে “ভূমি সেবা মেলা-২০২৬” এর উদ্বোধন অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উপজেলা ভূমিসেবা মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সানাউল মোর্শেদ।

সিসিবিভিও
সিসিবিভিও’র আয়োজনে এবং ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানীর সহায়তায় “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি” এর আওতায় তানোর উপজেলা প্রশাসন সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), তহসিলদারদের সাথে রক্ষাগোলা নেতৃন্দের “ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের ভূমি সংক্রান্ত পরিসেবা প্রাপ্তির সহজ অভিগম্যতা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তানোর ভূমি অফিসের কানুনগো রিয়াজ মাহমুদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান এবং সঞ্চালনায় করেন সিসিবিভিও’র উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম। সিসিবিভিও’র পক্ষে কী-নোট উপস্থাপন করেন সহ-সমন্বয়কারী শাহাবুদ্দিন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন, সবাই আমরা এদেশের নাগরিক, এদেশে প্রতিটি মানুষের সমান অধিকার আছে, উপজেলা ভূমি অফিসে সেবা গ্রহণের ক্ষেত্রে কোন ধরণের সমস্যা হলে সাথে সাথে জানাবেন, খাস পুকুর লিজের ক্ষেত্রে গ্রাম ভিত্তিক লিজ দেয়া যায় কি না তা উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট আলোচনা করবো। তানোর ভূমি অফিসে কোন মধ্যস্বত্বভোগীর স্থান হবে না।