জেলা পরিষদের ঈদ সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার রাজশাহীর তিনটি উপজেলায় এই কার্যক্রম পরিচালিত হয়। উপজেলাগুলো হলো চারঘাট, পুঠিয়া ও বাগমারা। মঙ্গলবার দুপুরে চারঘাট উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম শুরু। এরপর ধারাবাহিকভাবে অন্যান্য পুঠিয়া ও বাগমারায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চারঘাটে এই অনুষ্ঠানে জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমার সঞ্চালনায় জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা)এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা রাহাতুল করিম, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আল আমীন মল্লিক, উপ-সহকারী প্রকৌশলী আলেফ আলী। আরো উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপি’র সভাপতি বিকুল, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক অরণ্য কুসুম, চারঘাট উপজেলা যুবদল নেতা আলমগীর, জনি। আলোচনা সভা শেষে সেমাই, চিনি, তেল, দুধ ও পোলাও এর চালসহ বিভিন্ন ঈদ সামগ্রী গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি।











