ঢাকা | মে ২০, ২০২৬ - ১০:৩১ অপরাহ্ন

মান্দায় প্রতিপক্ষের মারধরে নারীসহ তিনজন আহত

  • আপডেট: Wednesday, May 20, 2026 - 10:24 pm

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধরে একই পরিবারের নারীসহ তিনজন আহত হয়েছেন।

বুধবার দুপুর ২টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের হাটোইর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- হাটোইর গ্রামের নিখিল চন্দ্র মণ্ডল (৪০), তার স্ত্রী তুশলী রানী মণ্ডল (৩২) ও ছেলে অন্তর কুমার মণ্ডল (১৮)। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন নিখিল চন্দ্র মণ্ডল বলেন, ‘প্রায় ৪০ বছর আগের কেনা সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। ওই সম্পত্তির দখল নিতে একই এলাকার জগন্নাথ চন্দ্র মণ্ডল বেশ কিছুদিন ধরে পাঁয়তারা করে আসছিলেন।

এ নিয়ে নওগাঁ আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার একটি মামলা করেছি। বর্তমানে মামলাটি চলমান রয়েছে।’

নিখিল চন্দ্র মণ্ডল অভিযোগ করে বলেন, ‘বুধবার দুপুরে জগন্নাথ মণ্ডল ও তার ছেলে শিপলু মণ্ডলের নেতৃত্বে দেশিয় অস্ত্রসহ ৮ থেকে ১০ জন ভাড়াটিয়া লোকজন বিবাদমান সম্পত্তিতে বাঁশের খুঁটি ও নেটজাল দিয়ে জবরদখলের চেষ্টা করেন। বাধা দেয়ায় তাদের হামলায় আমরা আহত হয়েছে।’

এ বিষয়ে অভিযুক্ত জগন্নাথ মণ্ডলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।