ঢাকা | মে ২০, ২০২৬ - ১০:৪৬ অপরাহ্ন

মান্দায় মাদকসেবীর হামলায় স্কুলশিক্ষক গুরুতর আহত

  • আপডেট: Wednesday, May 20, 2026 - 10:23 pm

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় মাদকসেবীর হামলায় এক স্কুল শিক্ষক গুরুতর আহত হয়েছেন।

বুধবার বিকেল তিনটার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের চককেশব মোড়ে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষকের নাম আব্দুর রাজ্জাক (৪৭)। তিনি বালুবাজার উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং সোনাপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে। অন্যদিকে অভিযুক্ত বজলুর রহমান চককেশব গ্রামের সফিজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বুধবার স্কুল ছুটির পর শিক্ষক আব্দুর রাজ্জাক বাড়ি ফেরার পথে চককেশব মোড়ে আগে থেকেই অবস্থান নেওয়া বজলুর রহমান দা নিয়ে তার ওপর হামলা করেন। হামলাকারীর একাধিক কোপে শিক্ষক রাজ্জাক গুরুতর আহত হন। এসময় লোকজন এগিয়ে এলে হামলাকারী বজলুর রহমান পালিয়ে যায়। পরে শিক্ষক রাজ্জাককে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, অভিযুক্ত বজলুর রহমান নিয়মিত একজন মাদকসেবী। মাতাল অবস্থায় রাস্তাঘাটে শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করে। মাদক সেবনে বাধা দেয়ায় বজলু বেশ কিছুদিন ধরে আমাকে দেখে নেয়ার হুমকি দিয়ে আসছিল। জের ধরে এ হামলা চালানো হয়েছে বলে দাবী করেন তিনি। এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।