ঢাকা | মে ২০, ২০২৬ - ১০:৫২ অপরাহ্ন

বাগমারায় চাঁদা না দেয়ায় কৃষকের ২৫টি আমগাছ কেটে দিল দুর্বৃত্তরা

  • আপডেট: Wednesday, May 20, 2026 - 10:26 pm

বাগমারা প্রতিনিধি: বাড়ি নির্মাণকাজে দুর্বৃত্তদের চাওয়া চাঁদা না দেয়ায় এক কৃষকের ২৫টি আমগাছসহ অর্ধশতাধিক বিভিন্ন জাতের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার সকালে বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ভটখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বুধবার সন্ধ্যায় বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক বিষু আলী সাকিদার।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিষু আলী সাকিদার সম্প্রতি ভটখালী ব্রিজের পাশে নিজের একটি বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। বাড়ি নির্মাণ শুরু করার পর থেকেই প্রতিবেশী ওহাব আলীর নেতৃত্বে সাইফুল ইসলাম, নূর বক্স, দুলাল হোসেন ও আব্দুর রাজ্জাকসহ এলাকার একটি চিহ্নিত সংঘবদ্ধ চক্র বিষু আলীর কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। বিষু আলী এই অবৈধ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

মঙ্গলবার সকালে তারা লাঠি, লোহার রড, সাবল ও কোদালসহ দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে বিষু আলীর বাগানে প্রবেশ করে। এরপর তারা প্রকাশ্যে ২৫টি আমগাছ, ৩টি মাল্টা গাছ এবং ২০টি সজনে গাছ কেটে সাবাড় করে দেয়। এতে প্রায় ৪০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে লিখিত অভিযোগে দাবি করা হয়েছে।

ভুক্তভোগী বিষু আলী সাকিদার জানান, দুর্বৃত্তরা যখন নির্বিচারে গাছগুলো কাটছিল, তখন তিনি বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এ বিষয়ে যোগাযোগ করা হলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, ঘটনাটি জানার পর এবং এ সংক্রান্ত অভিযোগ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।