সারাদিন বন্ধ থাকার পর রাতে রাজশাহী থেকে বাস চলাচল শুরু
স্টাফ রিপোর্টার: গতকাল সোমবার সকালে রাজশাহী থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছিলেন রাজশাহীর শ্রমিকরা। পরে রাতে আলোচনা শেষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের হস্তক্ষেপে বাস চলাচল শুরু হয়।
জানা গেছে, গতকাল সোমবার সকাল থেকে বাস শ্রমিকরা বাস বন্ধ রেখে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি প্রত্যাখ্যান করে নির্বাচনের দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা। বাস চলাচল বন্ধ থাকায় রাজশাহী থেকে বিভিন্ন রুটে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। শিরোইল বাস টার্মিনালে দূরপাল্লার বিভিন্ন পরিবহনের কাউন্টার বন্ধ থাকলেও সেখানে অসংখ্য যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে। হঠাৎ করে বাস বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
ময়মনসিংহগামী যাত্রী আব্দুর রহমান বলেন, ঈদ উপলক্ষে বাড়ি যাওয়ার জন্য আগেভাগেই ছুটি নিয়েছিলেন। কিন্তু টার্মিনালে এসে জানতে পারেন বাস চলাচল বন্ধ। তিনি অভিযোগ করেন, মাঝেমধ্যেই শ্রমিকদের এমন কর্মসূচির কারণে সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ঢাকাগামী বাসযাত্রী সিরাজুল ইসলাম বলেন, ‘‘দুই দিন আগে দেশ ট্রাভেলস বাসে ঢাকা যাওয়ার টিকিট করা ছিল গতকাল দুপুরের বাসে। আসার পর টাকা ফেরত দিয়েছে। এতে চরম সমস্যায় পড়েছি। বিকল্প পথে কিভাবে যাওয়া যায় সেটা নিয়ে চিন্তায় আছি। কারণ গতকাল ঢাকায় যেতেই হবে আমাকে।’’
শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, গত রোববার বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে। এতে সভাপতি করা হয় রফিকুল ইসলাম পাখিকে এবং সাধারণ সম্পাদক করা হয় মমিনুল ইসলামকে। রফিকুল ইসলাম পাখি এর আগে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। সম্প্রতি তার নেতৃত্বে শ্রমিকদের ওপর হামলার অভিযোগ ওঠে। এ অবস্থায় শ্রমিকদের একটি অংশ নতুন কমিটি প্রত্যাখ্যান করে নির্বাচনের দাবি তুলেছে। রফিকুল ইসলাম পাখি রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতিও।
নবঘোষিত কমিটির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম বলেন, স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করেই কেন্দ্রীয় ফেডারেশন কমিটি ঘোষণা করেছে। কিছু শ্রমিক কমিটিতে স্থান না পাওয়ায় তারা বাস চলাচল বন্ধ করে দিয়েছে। তবে দ্রুতই বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এদিকে সন্ধ্যার পরে শ্রমিক নেতৃবৃন্দের সাথে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম আলোচনা শেষে বাস টার্মিনালে এসে রাত্রী থেকেই বাস চলাচলের ঘোষনা দেন। তিনি বলেন, ফেডারেশন ঘোষিত কমিটি স্থগিত করা হলো। ঈদের পরে শ্রমিকদের ভোটে নতুন কমিটি গঠন করা হবে। এর পর থেকেই বাস চলাচল শুরু হয়।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, নতুন কমিটি প্রত্যাখ্যান করে শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছিলেন। বিষয়টি নিয়ে আলোচনা শেষে রাত থেকে জেলা প্রশাসকের হস্তক্ষেপে কমিটি স্থগিত করায় বাস চলাচল শুরু হয়েছে। ঈদের পর নির্বাচন করে নতুন কমিটি করা হবে। এই সময়ে ডিসির নির্দেশনায় তিনি সার্বিক দায়িত্ব পালন করবেন।











