ঢাকা | মে ১৮, ২০২৬ - ১১:৪৪ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে বিনামূল্যে মিলছে চিকিৎসাসেবা

  • আপডেট: Monday, May 18, 2026 - 11:23 pm

স্টাফ রিপোর্টার: বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে পাঁচদিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেবা প্রত্যাশীরা অনলাইনে আবেদনসহ সরাসরি উপস্থিত হয়েও চিকিৎসাসেবা নিতে পারছেন। হাসপাতালটির এমন উদ্যোগে রাজশাহী অঞ্চলের জনমানুষ উপকৃত হচ্ছে।

রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) প্রফেসর মহাঃ হবিবুর রহমান জানান, বৃহত্তর রাজশাহী অঞ্চলের হৃদরোগ চিকিৎসাসেবায় ক্রমশই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে হাসপাতালটি জনমনে আস্থার জায়গা সৃষ্টি করছে। অচিরেই এটি চিকিৎসার কেন্দ্রবিন্দু হবে। দরিদ্র ও অসচ্ছল পরিবারের জন্য বিনামূল্যে অথবা অতিসাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা দেয়ার জন্য সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করছে এবং ভবিষ্যতে সকল শ্রেণির মানুষের জন্য আরো সুলভ মূল্যে চিকিৎসাসেবা প্রদানের জন্য পরিকল্পনা নেয়া হয়েছে, যা অচিরেই বাস্তবায়ন হবে।

হাসপাতালটির কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক-১ মো. লিয়াকত আলী বলেন, ৫দিনব্যাপী ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্পে জনগণের ব্যাপক সাড়া মিলছে। এরইমধ্য অনেকেই অনলাইনে আদেবন করেছেন। আবার কেউ কেউ সরাসরি উপস্থিত হয়ে চিকিৎসা নিচ্ছেন। ক্যাম্পেইনের আওতায় বিনামূল্যে ইসিজি, উচ্চ রক্তচাপ নির্ণয়, বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন। আগামী ২১ মে পর্যন্ত বিনামূল্যে এই সেবা কার্যক্রম চলবে।

হাসপাতালটির কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান বলেন, গত রোববার থেকে শুরু হওয়া এই ফ্রি চিকিৎসাসেবা কার্যক্রমে অনলাইনে ৩৫০ জন আবেদন করেছেন। এদের মধ্য গত রোববার ১০৩ জন, গতকাল সোমবার ২৫ জন এবং আজ ৫৫ চিকিৎসা নিবেন। এছাড়াও সরাসরি যারা হাসপাতালে আসছেন, তাদেরও ফ্রি চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল প্রান্তিক জনগোষ্ঠীর হৃদরোগ চিকিৎসাসেবায় আস্থা অর্জন করেছে। ০৫ দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম আয়োজনের মাধ্যমে নিরব ঘাতক উচ্চ রক্তচাপের কুফল ও করণীয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।

এর আগে রোববার সকালে ‘একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি; নিরব ঘাতককে জয় করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি ও পাঁচদিনব্যাপি বিনামূল্যে ইসিজি ও ডায়াবেটিস পরীক্ষাসহ চিকিৎসাসেবার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। পরে সেমিনার ও আলোচনা অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুর রহমান, ও রাজশাহী সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিম।

সেমিনার বক্তব্য রাখেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোল্লা ইফতেখার হোসেন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এ.এস এম সায়েম। মূখ্য আলোচক হিসেবে ফাউন্ডেশন হাসপাতালের চীফ কনসালটেন্ট ও ডাইরেক্টর (মেডিকেল সার্ভিসেস) প্রফেসর ডা. রইছ উদ্দিন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতেই সফল ও সু-বিশাল আয়োজনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন স্বাগত বক্তব্য রাখেন। সেমিনার ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কার্যনির্বাহী পরিষদের সভাপতি আব্দুল মান্নান। সভায় মুখ্য আলোচকসহ সেমিনার উপস্থাপনকারীদের বক্তব্যে উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগ, স্ট্রোক, অন্ধত্ব ও কিডনীর ক্ষতির কারণের দিকগুলো উঠে আসে। উচ্চ রক্তচাপ রোধে জীবনযাত্রার মান উন্নয়ন, উচ্চ চর্বিযুক্ত খাবারের পরিবর্তে মাছ ও পর্যাপ্ত শাকসবজি, সপ্তাহে অন্তত ০৫ দিন ৩০ থেকে ৪০ মিনিট হাঁটা, খাবারে অতিরিক্ত লবণ পরিহার, মানসিক চাপ কমানো ও ধুমপান-মাদক সেবন হতে বিরত থাকলে উচ্চ রক্তচাপ ও এর ক্ষতির কারণগুলো নিরসন করা সম্ভব বলে জানিয়েছেন। সভায় কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি-২ হাসেন আলী ফাউন্ডেশনের সুষ্ঠু আয়োজনের জন্য সকলকে সাধুবাদ জানান।

সভায় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক-১ লিয়াকত আলী, কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন (সেলিম), সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, দপ্তর সম্পাদক আবুল কালাম মাসুদ, নির্বাহী সদস্য প্রফেসর ডা. আবু বকর সিদ্দিক, ডা. ওয়াসিম হোসেন, এনামুল হক, ডা. গাজীউল আলম রুমী, আককাস আলীসহ ফাউন্ডেশনের আজীবন সদস্য, হাসপাতালের সহকারী পরিচালক ডা. তাজমিলুর ইসলাম, চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।