ঢাকা | মে ১৭, ২০২৬ - ১০:৪৯ অপরাহ্ন

শিরোনাম

বদলগাছীতে দৈনিক ‘সংবাদ’-এর ৭৬তম বর্ষে পদার্পণ উদযাপন

  • আপডেট: Sunday, May 17, 2026 - 10:26 pm

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী জাতীয় দৈনিক ‘সংবাদ’-এর গৌরবের ৭৬তম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টায় ‘সংবাদ’ পরিবার বদলগাছীর উদ্যোগে এবং উপজেলা প্রতিনিধি সানজাদ রয়েল সাগরের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

বদলগাছী প্রেস ক্লাবের সভাপতি সহিদুল ইসলাম দবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। তিনি বলেন, দৈনিক সংবাদ দেশের সাংবাদিকতার ইতিহাসে একটি বিশ্বাস ও বস্তুনিষ্ঠতার নাম। যুগের পরিবর্তনের সঙ্গে প্রযুক্তির উৎকর্ষ ঘটেছে, সংবাদ পরিবেশনের মাধ্যম বদলেছে; কিন্তু সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজন কখনো ফুরায়নি। ‘সংবাদ’ সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে বলেই আজও মানুষের আস্থার প্রতীক হয়ে টিকে রয়েছে।

সংসদ সদস্য আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও জনদুর্ভোগ তুলে ধরার পাশাপাশি উন্নয়ন ও সম্ভাবনার চিত্রও মানুষের সামনে আনতে হবে। বর্তমান তরুণ সাংবাদিকদের সত্যনিষ্ঠ ও মানবিক সাংবাদিকতায় এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নজরুল ইসলাম ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও যমুনা টিভির নিজস্ব প্রতিবেদক শফিক ছোটন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, বদলগাছী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক দুলু এবং সাংবাদিক আশরাফুল ইসলাম নয়ন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সংবাদের বদলগাছী উপজেলা প্রতিনিধি সানজাদ রয়েল সাগর স্বাগত বক্তব্যের মাধ্যমে পত্রিকার বিস্তারিত ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন এবং প্রজেক্টরের মাধ্যমে একটি তথ্যচিত্র প্রদর্শন করেন।