স্কুল শিক্ষককের নামে গুজব ছড়িয়ে হেনস্তা, প্রতিবাদ অভিভাবকদের
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চাঁপাইনবাবগঞ্জের এক স্কুলশিক্ষককে নিয়ে গুজব ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোলাহাট উপজেলার তেলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম রেজার বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানান অভিভাবকরা।
এসময় শিক্ষক সেলিম রেজা ও অভিভাবকরা বলেন, দীর্ঘদিন ধরেই সুনামের সাথে শিক্ষকতার পাশাপাশি অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে প্রাইভেট পড়ান তিনি। গত ১০ মে নৈমিত্তিক ছুটিতে থাকাকালীন সময়ে স্কুলে প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেলিম রেজার বিরুদ্ধে গুজব ছড়ানো হয়। এসময় প্রধান শিক্ষক রিজিয়া খাতুন কয়েকজন শিক্ষার্থীকে জোরপূর্বক সেলিম রেজার নাম বলতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেন অভিভাবকরা।
সংবাদ সম্মেলনে কয়েকটি ভুয়া ফেসবুক পেইজ ও আইডির বিরুদ্ধে হেনস্তা ও অপদস্ত করার অভিযোগ তুলেন সহকারী শিক্ষক সেলিম রেজা। এসময় দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক সেলিম রেজা, অভিভাবক হুমাইরা খাতুন, রেজাউল করিমসহ অর্ধশতাধিক অভিভাবক ও শিক্ষার্থী। তবে ঘটনার দিন পরীক্ষা চলাকালীন সময়ে আলাদা কোন প্রশ্নপত্র পাওয়া যায়নি বলে জানান ভোলাহাট উপজেলা শিক্ষা কর্মকর্তা ইব্রাহিম খলিলুল্লা।











