ঢাকা | মে ১৫, ২০২৬ - ১২:১৬ পূর্বাহ্ন

বাগমারায় মির্জা ফখরুলকে ব্যঙ্গ করে ভিডিও: কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

  • আপডেট: Thursday, May 14, 2026 - 10:31 pm

বাগমারা প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে রাজশাহীর বাগমারায় এক কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটক ওই কনটেন্ট ক্রিয়েটরের নাম আবদুল কাদের (৩৫)। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘সজীব’ নামে পরিচিত। তিনি উপজেলার কামরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে ‘ডিয়া ব্লগ’ নামের একটি ফেসবুক পেজ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ব্যঙ্গ করে একটি ভিডিও আপলোড করা হয়। গত শুক্রবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে রবীন্দ্র কাছারিবাড়িতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও নওগাঁ জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব। সেখানে তিনি অনুষ্ঠানের উদ্বোধনও করেন।

অভিযোগ উঠেছে, ওই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে একদল কনটেন্ট ক্রিয়েটর একটি ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করেন। যার নেতৃত্বে ছিলেন ‘ছতর জুটি’খ্যাত কনটেন্ট ক্রিয়েটর শিমুল। ভিডিওতে দেখা যায়, শিমুলের নেতৃত্বে কয়েকজন টিকটকার ও কনটেন্ট ক্রিয়েটর ব্যক্তিগত গাড়িতে করে নওগাঁর পতিসরে যাওয়ার সময় মাঝপথে গাড়ি থামিয়ে ভিডিও ধারণ করেন। সেখানে বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মক কথাবার্তা ও অঙ্গভঙ্গি করা হয়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ছাত্রদল, যুবদল ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেন। তোপের মুখে পরে ভিডিওটি মূল পেজ থেকে সরিয়ে নেয়া হলেও ততক্ষণে অনেকেই সেটি ডাউনলোড করে ফেসবুকে ছড়িয়ে দেন এবং জড়িতদের শাস্তির দাবি জানান। এরই জেরে গত বুধবার রাতে স্থানীয় ছাত্রদল, যুবদল ও তাঁতী দলের নেতা-কর্মীরা কনটেন্ট ক্রিয়েটর আবদুল কাদের ওরফে সজীবকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ক্ষুব্ধ নেতা-কর্মীদের দাবি, একজন প্রবীণ রাজনীতিবিদ ও সম্মানিত ব্যক্তিকে যেভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে হেয় প্রতিপন্ন করা হয়েছে, তা চরম মানহানিকর ও শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বৃহস্পতিবার সকালে জানান, থানায় সোপর্দ করা ওই কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। এই ঘটনার সাথে আর কারা জড়িত আছে, তা তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোনালী/জগদীশ রবিদাস