চারঘাটে ইজিপিপি প্রকল্পের খাল খনন কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক
চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে ২০২৫-২৬ অর্থ বছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার নিমপাড়া ইউনিয়নে এই পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১ কোটি ৪২ লাখ ৫৫ হাজার ৭৫৪ টাকা ব্যয়ে ঝাউবনা হতে কান্দ্রা হয়ে বড়াল নদী পর্যন্ত এবং ভায়া হাবিবপুর হতে নিমপাড়া হয়ে মুশিখা নদী পর্যন্ত মোট ১০ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন করা হচ্ছে। পরিদর্শনের সময় জেলা প্রশাসক খালের খনন কাজ ঘুরে দেখেন এবং স্থানীয় সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেন। খাল খনন কাজ পরিদর্শন শেষে প্রকল্প এলাকায় একটি নিম গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাতুল করিম মিজান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফরহাদ লতিফ, নিমপাড়া ইউপি চেয়ারম্যান ও প্রকল্প কমিটির সভাপতি মিজানুর রহমান, চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক, বিএনপি নেতা সাইফুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, এ ধরনের খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একদিকে যেমন এলাকার জলাবদ্ধতা নিরসন হবে, অন্যদিকে কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে। একই সাথে স্থানীয় অতিদরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রকল্প এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম চারঘাট উপজেলা পরিষদ ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।











