পুঠিয়ায় জমি নিয়ে সংঘর্ষ হাসুয়ার আঘাতে আহত ২
পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার দুপুরে উপজেলার পশ্চিমভাগ বাঁশবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- বাঁশবাড়ি পশ্চিমভাগ গ্রামের আনিসুর রহমানের ছেলে হাসেম খলিফা (৪৮) ও মিঠু খলিফা (৩৫)। তাদের মধ্যে হাসেম খলিফার মাথায় গুরুতর জখম হওয়ায় সাতটি সেলাই দিতে হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, প্রায় দুই বছর আগে আনিসুর রহমান একই গ্রামের মৃত ছৈমুউদ্দিনের ছেলেদের কাছ থেকে একটি জমি ক্রয় করেন। তবে জমির দখল বুঝে দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও দায়ের করা হয়। পরে মামলায় প্রথম পক্ষ রায় পেলেও দ্বিতীয় পক্ষ উচ্চ আদালতে আপিল করলে বিষয়টি বর্তমানে বিচারাধীন রয়েছে।
অভিযোগ রয়েছে, মঙ্গলবার দুপুরে দ্বিতীয় পক্ষের কয়েকজন লোক বিরোধপূর্ণ জমিতে থাকা একটি দোচালা ঘর ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় হাসেম খলিফা বাধা দিতে গেলে তাকে দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে আঘাত করা হয়। খবর পেয়ে মিঠু খলিফা ও আনিসুর রহমান ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে মিঠু ও হাসেম গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুলষ ইসলাম বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।











