নিয়ামতপুরে দুইশ গ্রাম হেরোইনসহ দুই কারবারি আটক
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে পুলিশের এক বিশেষ অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ধানসুরা-নিয়ামতপুর পাকা সড়কের চৌরাপাড়া গ্রামে পুলিশের তল্লাশি চৌকি তাদের আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ২শ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুয়াচরি গ্রামের মেছের আলীর ছেলে মেজবাউল হক বাচ্চু (৩৮) এবং একই এলাকার গোলাম আজমের ছেলে আসাদুজ্জামান নয়ন (২৬)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে চৌরাপাড়া গ্রাম এলাকায় অবস্থান নেয়।
এসময় একটি মোটরসাইকেলকে সন্দেহভাজন হিসেবে থামিয়ে তল্লাশি করে পুলিশ। তল্লাশিকালে আরোহীদের কাছে থাকা দুটি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ২০০ গ্রাম হেরোইন পাওয়া গেলে আরোহীদের আটক করে থানায় আনে পুলিশ।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে যে, তারা বিক্রয়ের উদ্দেশে চাঁপাইনবাবগঞ্জ থেকে এই মাদকদ্রব্য নিয়ামতপুর এলাকায় নিয়ে এসেছিল।
তিনি আরো জানান, তাদের ব্যবহৃত মাদক বহনকারী মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।










