ঢাকা | মে ১৩, ২০২৬ - ২:৪৯ পূর্বাহ্ন

নগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই: রাসিক প্রশাসক

  • আপডেট: Monday, May 11, 2026 - 10:01 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। আমি নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছি। সকলের সহযোগিতায় এই নগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই।

সোমবার বিকেলে নগর ভবনের মিনি কনফারেন্স রুমে রাজশাহী সিটি প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। রাসিক প্রশাসক বলেন, রাজশাহী মহানগরী আমাদের সকলের। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই নগরীকে এগিয়ে নিয়ে যেতে চাই। আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিস্কারকরণ, মশক নিধনে ফগার স্প্রে, সড়কের খানাখন্দ চিহ্নিত করে মেরামতসহ বিভিন্ন স্কিম হাতে নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরো বলেন, হাম-রুবেলা প্রতিরোধে শুরু থেকে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। সিটি কর্পোরেশনগুলোর মধ্যে সর্বপ্রথম আমরা জনসচেতনতামূলক লিফলেট তৈরি করে বাড়ি বাড়ি বিতরণ করা হয়েছে। হাম-রুবেলা টিকাদানে শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ রাজশাহী মহানগরীর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণ, বিনোদন কেন্দ্রের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাবনা তুলে ধরেন। এসময় রাসিক প্রশাসক তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়গুলোতে পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। রাসিক প্রশাসক রাজশাহীর উন্নয়নে সহযোগিতা চাইলে রাজশাহী সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক পরিতোষ মোহন চৌধুরী আদিত্য, সিনিয়র সভাপতি এসএইচএম তরিকুল ইসলাম, সহ-সভাপতি সুলতান মাহমুদ রেজা, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি, দপ্তর সম্পাদক ফজলুল করিম বাবলু, ক্রীড়া সম্পাদক সৌমেন্দ্র নাথ মণ্ডল, নির্বাহী সম্পাদক মিলন শেখ, সদস্য রেজাউল মহিম তপন, মাইনুল হাসান জনি, আফরোজা খান হেলেন, হাফিজুর রহমান পান্না, সামিউল ইসলাম ও শুকরানা বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।