ঢাকা | মে ৮, ২০২৬ - ২:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম

মোহনপুরে ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা

  • আপডেট: Friday, May 8, 2026 - 12:17 am

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলায় ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় এবং শেষ হয় দুপুর ১ টা ৩০ মিনিটে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের এই সময়ে গুজব খুব দ্রুত ছড়িয়ে পড়ে, যা সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করে। এ ক্ষেত্রে দায়িত্বশীল সাংবাদিকতা ও তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের মাধ্যমে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমি আমার মোহনপুর উপজেলায় কর্মরত গণমাধ্যমিক কর্মীদের বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত যে, তারা কোন গুজবের সঙ্গে জড়িত থাকে না বা প্রচার করে না।

সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহীর উপপ্রধান তথ্য অফিসার তৌহিদুজ্জামান। তিনি বলেন, গুজব প্রতিরোধে সাংবাদিকদের সচেতনতা ও পেশাগত দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা গুজব প্রতিরোধে করণীয়, তথ্য যাচাইয়ের গুরুত্ব এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ নিয়ে মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের সর্বাধিক প্রচারিত ও জনপ্রিয় দৈনিক সোনালী সংবাদ এর ভ্রাম্যমাণ প্রতিনিধি রফিকুল আলম সোহেল এবং বিশেষ প্রতিনিধি আনছার তালুকদার স্বাধীনসহ মোহনপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।