আরএমপির নতুন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ
স্টাফ রিপোর্টার: গতকাল বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ ফয়েজুল কবির।
তিনি ১৯৭৪ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
সর্বশেষ তিনি ডিআইজি হিসেবে স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকায় কর্মরত ছিলেন। তিনি রাজশাহী মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করতে মহানগরীর সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, গতকাল সকালে আরএমপির সাবেক পুলিশ কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান বদলি জনিত কারণে সিলেট রেঞ্জে যোগদানের উদ্দেশে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের দায়িত্বভার নবাগত পুলিশ কমিশনার এর নিকট হস্তান্তর করেন।









