ঢাকা | মে ৩, ২০২৬ - ৫:১৮ পূর্বাহ্ন

শিরোনাম

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতে কাজ করছে সরকার: জেলা পরিষদ প্রশাসক

  • আপডেট: Sunday, May 3, 2026 - 12:00 am

স্টাফ রিপোর্টার: মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং জীবনমান উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শুক্রবার (১ মে) বিকেল ৪টার দিকে রাজশাহী নগরীর লক্ষ্মীপুরস্থ সড়ক ভবন চত্বরে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন, জেলা সংসদ, রাজশাহীর উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন ইতিবাচক পদক্ষেপের কথা তুলে ধরেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. মাইনুল হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী-১ আব্দুল মান্নান আকন্দ এবং নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক। অতিথিরা শ্রমিকদের অধিকার আদায়ে সচেতন থাকার পাশাপাশি নিজেদের মধ্যে সুদৃঢ় ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

​সভায় বক্তারা বলেন, “শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এক হতে হবে”—এই স্লোগানকে সামনে রেখে অধিকার আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।

বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন, জেলা সংসদ, রাজশাহীর সভাপতি মো. জায়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন, সম্মানিত সদস্য মো. আরিফউজ্জামান নবাবসহ জেলা সংসদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সভায় বিপুল সংখ্যক শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।