ঢাকা | মে ৩, ২০২৬ - ১২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

নিয়ামতপুরে ‘ভাবিচা গণহত্যা দিবস’ পালিত: স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি

  • আপডেট: Saturday, May 2, 2026 - 10:00 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় যথাযথ মর্যাদায় ২ মে ‘ভাবিচা গণহত্যা দিবস’ পালিত হয়েছে। শনিবার উপজেলার ভাবিচা গ্রামে গ্রামবাসীর উদ্যোগে একাত্তরের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, স্মরণসভা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

দিনের শুরুতে গ্রামের মন্দির প্রাঙ্গণে শহীদদের স্মরণে নির্মিত অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয়রা।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা, গীতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পল্লী চিকিৎসক কিরেন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে সভায় স্থানীয় শিক্ষক সবুজ সরকার, কালিপদ সরকার, দ্বীপ বৈরাগীসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

১৯৭১ সালের ২ মে আনুমানিক দুপুর তিনটার দিকে পাকিস্তানি বাহিনী ভাবিচা গ্রামে অতর্কিত প্রবেশ করে নির্বিচারে গুলি চালায়।

ওই দিন পাকবাহিনীর গুলিতে শহীদ হন কমলা সুন্দরী, ভগিরথ মন্ডল, জগদীশ মহন্ত ও বিমল মহন্ত। ঘাতক দল কেবল নিরীহ মানুষদের হত্যাই করেনি, গ্রামের বহু বাড়িঘরে আগুন দিয়ে সম্পদ জ্বালিয়ে দেয়।

দেশ স্বাধীনের ৫৪ বছর পেরিয়ে গেলেও এই চার শহীদের স্মৃতি রক্ষায় আজও কোনো স্মৃতিসৌধ নির্মিত হয়নি। শহীদ কমলা সুন্দরীর মেয়ে মালতি হাজরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “পরবর্তী প্রজন্মের কাছে বীর শহীদদের পরিচয় তুলে ধরতে এবং তাঁদের স্মৃতি অম্লান রাখতে এখানে সরকারি উদ্যোগে দ্রুত একটি স্মৃতিস্তম্ভ বা স্মৃতিফলক নির্মাণ করা প্রয়োজন।”

এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন জানান, বিষয়টি আগে তাঁর জানা ছিল না। তিনি বলেন, “আমি দ্রুত এ ঘটনার বিস্তারিত খোঁজ নেব। সত্যতা যাচাই সাপেক্ষে গ্রামবাসীর সঙ্গে আলোচনা করে সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সোনালী/জগদীশ রবিদাস