ঢাকা | মে ৩, ২০২৬ - ১২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম

তানোরে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে রাতের আঁধারে পুকুর ভরাট

  • আপডেট: Saturday, May 2, 2026 - 10:24 pm

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য এবং পরিবেশ ও জীববৈচিত্র্য বিপন্ন করে রাতের আঁধারে জোরপূর্বক পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। তানোর উপজেলার মুণ্ডুমালা পৌর এলাকার ময়েনপুর গ্রামে প্রায় তিন বিঘা আয়তনের একটি পুকুর ভরাট করা হচ্ছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তানোর থানায় পৃথক লিখিত অভিযোগ দিলেও ভরাট কাজ বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে স্থানীয়দের দাবি।

অভিযোগ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, ময়েনপুর মৌজার ২৮২ নম্বর খতিয়ানের ১৭১৯ দাগের তিন বিঘা আয়তনের এই পুকুরটি ময়েনপুর মহল্লার বাসিন্দা ঝাটু শেখের ছেলে সেন্টু শেখ ও তার পরিবার ভরাট করছে। সেন্টুর এক ভাই পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হওয়ায় তার পদের প্রভাব খাটিয়ে এই অবৈধ কাজ চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পুকুর ভরাটে বাধা দিলে ওই পুলিশ কর্মকর্তা গ্রামবাসীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন বলেও জানা গেছে।

তাজিমুল ইসলাম নামে এক ব্যক্তি গত ২৮ এপ্রিল সেন্টুসহ তিনজনকে অভিযুক্ত করে ইউএনও ও থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়েছে, পৈত্রিক ও ক্রয়সূত্রে এই পুকুরটি দীর্ঘদিন ধরে তাজিমুলের পরিবার ভোগদখল করে আসছে। কিন্তু গত ১০ এপ্রিল থেকে বিবাদীপক্ষ জোরপূর্বক বাইরের মাটি এনে পুকুরটি ভরাট করছে। প্রশাসনের নজরদারি এড়াতে তারা অভিনব কৌশল নিয়েছে; প্রতিদিন ভরাট না করে দু-একদিন পরপর গভীর রাতে মাটি ফেলা হচ্ছে। গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়ন থেকে আনা এই মাটি পরিবহনের ফলে এলাকার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত সেন্টু শেখ বলেন, এটি আমাদের নিজস্ব পুকুর, তাই আমরা ভরাট করছি। নিজের ভাই পুলিশে কর্মরত থাকার কথা উল্লেখ করে তিনি দম্ভোক্তি প্রকাশ করেন। পরবর্তীতে তার ভাই (এসআই পরিচয়ধারী) সাংবাদিকদের এ বিষয়ে নাক না গলানোর পরামর্শ দিয়ে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল এবং বর্তমানে ভরাট কাজ বন্ধ রয়েছে।

তবে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, বিষয়টি আমার বিস্তারিত জানা নেই। লিখিত অভিযোগ দিয়ে থাকলে খোঁজ নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দ্রুত পুকুরটি রক্ষা ও দখলদারদের হাত থেকে নিজেদের সম্পদ ফিরে পেতে রাজশাহী জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী।