ঢাকা | মে ২, ২০২৬ - ১১:৩৮ অপরাহ্ন

শিরোনাম

লালপুরে সাইবার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

  • আপডেট: Saturday, May 2, 2026 - 10:24 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইমো অ্যাকাউন্ট হ্যাক করে প্রবাসীদের সঙ্গে প্রতারণার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার সকালে আদালতের মাধ্যমে তাঁদের নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার পানসিপাড়া গ্রামের রফিজ মন্ডলের ছেলে বাসের আলী (১৭), আশরাফ আলীর ছেলে আব্দুল্লাহ (১৯), শাহিনুর রহমানের ছেলে শাকিল (১৯), মো. বাচ্চু মন্ডলের ছেলে আব্দুল্লাহ আল বায়েজিদ (১৮) এবং নওপাড়া গ্রামের সুলতান আলীর ছেলে লালন আলী (২১)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে লালপুর থানার একটি বিশেষ টিম উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় রফিজ মন্ডলের বাড়ির একটি শয়নকক্ষ থেকে ওই পাঁচজনকে আটক করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, তারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করে স্থানীয় বাসিন্দা এবং প্রবাসীদের ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইমো অ্যাকাউন্টে অবৈধভাবে প্রবেশ করত। পরে পাসওয়ার্ড পরিবর্তনের মাধ্যমে অ্যাকাউন্টগুলোর নিয়ন্ত্রণ নিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিত।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৬ এর ১৭ (১) (ক) (খ) /২৭ ধারায় মামলা করা হয়েছে। পরে গতকাল শনিবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৪ সাল থেকে লালপুরের বিলমাড়িয়া ইউনিয়নে ইমো হ্যাকিং চক্রের কার্যক্রম শুরু হয়।

পরবর্তীতে তা দুড়দুড়িয়া, লালপুর সদর, আড়বাব ও ঈশ্বরদী ইউনিয়নসহ পাশ্ববর্তী বাঘা উপজেলার কিছু এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, উঠতি বয়সী অনেক কিশোর ও যুবক এ ধরনের সাইবার অপরাধে জড়িয়ে পড়ছে। তাদের দৃশ্যমান আয়ের উৎস না থাকলেও অনেকে অল্প সময়ের মধ্যে বিপুল সম্পদের মালিক হয়েছে। পাশাপাশি তাঁদের একটি বড় অংশ মাদক সেবনের সঙ্গেও জড়িত বলে অভিযোগ স্থানীয়দের।