শিবগঞ্জে ভুয়া অ্যাডিশনাল এসপি পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধোপপুকুর এলাকায় মেসার্স রাকিব এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনে ভুয়া অ্যাডিশনাল এসপি পরিচয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে শিবগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তার যুবক অলিউল্লা শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ওপরটোলা গ্রামের মাওলানা ইসারুলের ছেলে। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে ওই যুবক নিজেকে অ্যাডিশনাল এসপি পরিচয় দিয়ে ফিলিং স্টেশনে গিয়ে কর্মচারীদের ভয়-ভীতি প্রদর্শন করেন।
এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং একপর্যায়ে তিনি জনরোষের মুখে পড়েন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করলে পুলিশ বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, অভিযুক্ত ব্যক্তি ভুয়া পরিচয়ে পেট্রোল পাম্পে গিয়ে কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করেছিলেন। পরবর্তীতে তার পরিচয় যাচাই করে নিশ্চিত হওয়া যায় যে, তিনি কোনো অ্যাডিশনাল এসপি নন। এ ঘটনায় মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।











