ঢাকা | মে ১, ২০২৬ - ৫:৩৪ পূর্বাহ্ন

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

  • আপডেট: Friday, May 1, 2026 - 12:13 am

স্টাফ রিপোর্টার: মহানগরীর নওদাপাড়ায় নির্মাণাধীন কাঁচাবাজার মার্কেট এবং নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

গতকাল বৃহস্পতিবার পরিদর্শনকালে নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দ্রুত সময়ে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের দিক-নির্দেশনা প্রদান করেন রাসিক প্রশাসক। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের সমস্যার কথা শোনেন এবং তা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

এ সময় রাসিক প্রশাসক বলেন, আপনাদের সকলের সহযোগিতায় আমি রাজশাহীকে শুধু বাংলাদেশে নয়, বিশ্বের মধ্যে অন্যতম একটি সুন্দর নগরীতে পরিণত করতে চাই। দ্রুত সময়ে নওদাপাড়া কাঁচাবাজার মার্কেট নির্মাণ সম্পন্ন করে আইন অনুযায়ী বরাদ্দ প্রদান করা হবে। এতে করে সিটি কর্পোরেশনের রাজস্ব আয় বৃদ্ধি পাবে।

এরপর নগরীর শিশু হাসপাতাল এবং বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন পুকুরে সৌন্দর্যবর্ধন কাজ এবং লক্ষ্মীপুর এলাকায় নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টারের নির্মাণ কাজ পরিদর্শন করেন রাসিক প্রশাসক।

নওদাপাড়া কাঁচাবাজার মার্কেট পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, নওদাপাড়া বাজার সমিতির সভাপতি আবুুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী উপস্থিত ছিলেন।