ঢাকা | মে ১, ২০২৬ - ১:০৯ পূর্বাহ্ন

রাজশাহীতে ট্রেনের ছাদ থেকে পড়ে কৃষি শ্রমিকের মৃত্যু

  • আপডেট: Thursday, April 30, 2026 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে পড়ে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি মারা যান।

নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৪৮)। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বেগমনগর গ্রামের বাসিন্দা তিনি। শফিকুল পেশায় কৃষি শ্রমিক ছিলেন। ধান কাটার কাজ শেষে আরও কয়েকজনের সঙ্গে গত বুধবার রাতে তিনি মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে বাড়ি ফিরছিলেন। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান জানান, রাত ১১টার দিকে ট্রেনটি রাজশাহী শহরের বর্নালী মোড় এলাকা দিয়ে যাচ্ছিল। তখন ঝড় হচ্ছিল।

এ সময় একটি গাছের ডালে বাড়ি খেয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে যান শফিকুল ইসলাম। পরে লোকজন তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন থাকায় তাকে আইসিইউতে নেয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি সকালে মারা যান।

ওসি জানান, এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বাড়ি নিয়ে গেছেন। তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।