শিবগঞ্জে রাতের আঁধারে ৪৬টি আমগাছ কেটে দিলো দুর্বৃত্তরা
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৪৬টি আমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর এলাকায় এই আমগাছ নিধনের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গোপালনগর মাঠে আমিনুল ইসলামের ‘বারি-৪’ জাতের ৪৬টি আমগাছ রাতের অন্ধকারে কেটে ফেলা হয়েছে। গাছগুলোতে থোকায় থোকায় আম ধরেছিল। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বাগানটির মালিক। ক্ষতিগ্রস্ত আমিনুল ইসলাম বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি নিশ্চিত নন।
তবে ব্যক্তিগত শত্রুতার জের থাকতে পারে বলে ধারণা করছেন। তিনি বলেন, গাছের সঙ্গে এমন শত্রুতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, রাতের আঁধারে এভাবে গাছ কেটে ফেলা সম্পূর্ণ অন্যায়। দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা জরুরি। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।











