ঢাকা | এপ্রিল ২৯, ২০২৬ - ১১:১০ অপরাহ্ন

শব্দদূষণ আমাদের অজান্তেই জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে চলেছে

  • আপডেট: Wednesday, April 29, 2026 - 9:50 pm

স্টাফ রিপোর্টার: ‘আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন’ এই সময়োপযোগী প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে পালিত হয়েছে ‘আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬’। শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং একটি সুস্থ পরিবেশ গড়ার লক্ষ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।

দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়।

‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়, বগুড়া ও জেলা কার্যালয় এবং রাজশাহী জেলা প্রশাসন যৌথভাবে এই সভার আয়োজন করে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শব্দদূষণ একটি নীরব ঘাতক, যা আমাদের অজান্তেই জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে চলেছে। শ্রবণশক্তি হ্রাস থেকে শুরু করে উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং মানসিক অবসাদের মতো জটিল রোগের অন্যতম কারণ এই শব্দদূষণ। বিশেষ করে শিশু, গর্ভবতী নারী ও বয়স্কদের ওপর এর ক্ষতিকর প্রভাব সবচেয়ে বেশি। আমরা যদি এখনই সচেতন না হই, তবে ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ জীবন উপহার দেয়া কঠিন হয়ে পড়বে।”

পরিবেশ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয় (বগুড়া)-এর পরিচালক নিলুফা ইয়াছমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মহাপুলিশ পরিদর্শক, রাজশাহী রেঞ্জ মোহাম্মদ শাহজাহান, অধ্যক্ষ, রাজশাহী মেডিকেল কলেজ অধ্যাপক ডা. খন্দকার মোঃ ফয়সল আলম, পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক তাসমিনা খাতুন, অতিরিক্ত পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মোঃ আল মামুন, সভাপতি, হেরিটেজ রাজশাহী মাহবুব সিদ্দিকী। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে শব্দদূষণের চিকিৎসা-বিজ্ঞানভিত্তিক ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা ও হেড-নেক সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. সুব্রত ঘোষ।