ঢাকা | এপ্রিল ২৯, ২০২৬ - ১২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম

ছোট যমুনা গিলে খাচ্ছে বর্জ্য: দূষণে বিপন্ন পরিবেশ, নির্বিকার প্রশাসন

  • আপডেট: Tuesday, April 28, 2026 - 9:08 pm

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার বুক চিরে বয়ে যাওয়া এক সময়ের প্রমত্তা ছোট যমুনা নদী এখন ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। উপজেলার নতুন বেইলি ব্রিজের পাশ ও খোদ থানার কোল ঘেঁষে অবাধে ফেলা হচ্ছে বাজারের যাবতীয় বর্জ্য।

বছরের পর বছর ধরে চলা এই অব্যবস্থাপনায় নদীর পানি যেমন দূষিত হচ্ছে, তেমনি ভরাট হয়ে যাচ্ছে নদীর তলদেশ। অথচ ঐতিহ্যবাহী পাহাড়পুর বৌদ্ধবিহার সংলগ্ন এই জনপদে পরিবেশ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ স্থানীয়দের।

সরেজমিনে দেখা যায়, বদলগাছী হাটখোলা বাজারের পচা মাছ, মাংসের উচ্ছিষ্ট, হোটেলের বর্জ্য ও কাঁচাবাজারের যাবতীয় ময়লা সরাসরি নদীতে ফেলা হচ্ছে। বিশেষ করে সাপ্তাহিক হাটের দিনগুলোতে বর্জ্যের পরিমাণ বহুগুণ বেড়ে যায়। নদীর যে স্থানে ময়লা ফেলা হচ্ছে, তার মাত্র ২০ গজ দূরত্বে অবস্থান করছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আবাসিক ভবন। নদীর পাড় ঘেঁষে স্তূপ করে রাখা আবর্জনার পচা দুর্গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে।

এক সময় যেখানে মানুষ বিকেলে বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে আসত, এখন সেখানে দুর্গন্ধে টেকা দায়। নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দা রজত ও মুকুল জানান, এক সময় শরীর ও মন ভালো রাখতে মানুষ নদীর পাড়ে হাঁটাহাঁটি করত, কিন্তু বর্তমান পরিস্থিতিতে নাকে রুমাল দিয়েও এখান দিয়ে যাতায়াত করা সম্ভব হচ্ছে না।

এদিকে, নদী রক্ষায় প্রশাসনের সদিচ্ছা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে। প্রশাসনের নাগের ডগায় পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা ফেললেও তা রোধে কোনো স্থায়ী সমাধান বের করা হয়নি। পরিচ্ছন্নতাকর্মীদের দাবি- তাঁদের নির্দিষ্ট কোনো ‘ডাম্পিং জোন’ বা ময়লা ফেলার জায়গা নির্ধারণ করে দেয়া হয়নি। নিরুপায় হয়েই তারা ব্রিজের পাশে বর্জ্য ফেলছেন। বদলগাছী হাটখোলা বাজার বণিক সমিতির সভাপতি এখলাছুর রহমানও সরকারিভাবে জায়গা নির্ধারণ না করার বিষয়টিকে দায়ী করেছেন। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, পরিচ্ছন্নতাকর্মীদের বারবার নিষেধ করা সত্ত্বেও তারা তা মানছেন না।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি জানান, পর্যটন এলাকা হিসেবে বদলগাছীর পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। ময়লা ফেলার জন্য বিকল্প জায়গা খোঁজা হচ্ছে এবং দ্রুত ব্যবস্থা নেয়া হবে। তবে স্থানীয় সচেতন মহলের দাবি, প্রশাসনের এই ‘জায়গা খুঁজছি’ বা ‘ব্যবস্থা নেব’-এমন আশ্বাস দীর্ঘদিনের। বছরের পর বছর পেরিয়ে গেলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। শুধু আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ছোট যমুনা নদীকে মৃত্যুর হাত থেকে রক্ষার দাবি জানিয়েছেন এলাকাবাসী।