ঢাকা | মে ১৭, ২০২৬ - ১১:৪৩ পূর্বাহ্ন

রুয়েটের হলে অগ্নিকাণ্ড: শিক্ষার্থীদের দ্রুত উদ্যোগে বড় দুর্ঘটনা থেকে রক্ষা

  • আপডেট: Monday, April 27, 2026 - 12:22 am

রুয়েট প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর শহিদ আব্দুল হামিদ হলের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে শিক্ষার্থীদের দ্রুত ও সময়োপযোগী পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, গতকাল রোববার ভোর আনুমানিক ৪টার দিকে হলের ৩১৬ নম্বর কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর পাশের কক্ষের শিক্ষার্থীরা দ্রুত ঘটনাস্থলে যান। তখন কক্ষটি তালাবদ্ধ ছিল এবং ভেতরে কেউ উপস্থিত ছিলেন না। পরে পরিস্থিতি বিবেচনায় তারা তালা ভেঙে কক্ষে প্রবেশ করেন।

পরবর্তীতে হলে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে শিক্ষার্থীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবরার ফাইয়াজ অমির ভাষ্যমতে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ল্যাপটপের কীবোর্ডে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে কিছু বই পুড়ে গেলেও বড় ধরনের ক্ষতি হয়নি।

সংশ্লিষ্টরা জানান, হলে অগ্নিনির্বাপক যন্ত্র প্রস্তুত থাকায় দ্রুত ব্যবস্থা নেয়া সম্ভব হয়েছে, যা সম্ভাব্য বড় দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার শিক্ষার্থীদের আরও সতর্ক থাকার আহ্বান জানান এবং প্রশাসনিক তদারকি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। কক্ষের আরেক বাসিন্দা আল ইমরান জানান, ঘটনার সময় তারা কক্ষে ছিলেন না। বাইরে থাকার সময়ই আগুন লাগার ঘটনা ঘটে।

তিনি ধারণা করেন, ফ্যান ও ল্যাপটপ সংযোগে শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। এতে ল্যাপটপের এক্সট্রা কীবোর্ড ও কিছু বই ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর আবাসিক হলগুলোতে বৈদ্যুতিক নিরাপত্তা জোরদার এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির দাবি উঠেছে।