ঢাকা | এপ্রিল ১৯, ২০২৬ - ৩:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম

বদলগাছী-আক্কেলপুর সড়কের কালভার্ট ভেঙে গর্ত: ঝুঁকি নিয়ে চলাচল

  • আপডেট: Saturday, April 18, 2026 - 10:00 pm

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাঁপা-আক্কেলপুর সড়কের খাদাইল বাহারের মোড়ে একটি জনগুরুত্বপূর্ণ কালভার্ট ভেঙে পড়ার সাত দিন পার হলেও এখনো মেরামতের উদ্যোগ নেয়া হয়নি।

জরাজীর্ণ এই কালভার্টের এক পাশের পাটাতন ধসে বড় গর্তের সৃষ্টি হওয়ায় চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে দুই উপজেলার হাজার হাজার মানুষ ও যানবাহন।

ভাঙা কালভার্টটি বদলগাছী উপজেলায় পড়লেও এর অবস্থান আক্কেলপুর উপজেলা সদর থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে। অন্যদিকে বদলগাছী সদর থেকে এর দূরত্ব প্রায় ১৭ কিলোমিটার। ভৌগোলিক এই দূরত্বের কারণে এবং সীমান্তবর্তী এলাকা হওয়ায় প্রশাসনের নজরদারি কম বলে অভিযোগ স্থানীয়দের। সরেজমিনে দেখা গেছে, স্থানীয়রা দুর্ঘটনা এড়াতে গর্তের স্থানে বাঁশ ও গাছের ডালপালা দিয়ে চিহ্নিত করে রেখেছেন। তবে রাতে পর্যাপ্ত আলো না থাকায় এই স্থানটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

খাদাইল এলাকার বাসিন্দা আজাদ জানান, কালভার্টটি ভাঙার এক সপ্তাহ হয়ে গেলেও কেউ ঠিক করতে আসেনি। রাতে যাতায়াতের সময় গত কয়েকদিনে অন্তত তিনজন আহত হয়েছেন। আরেক বাসিন্দা শাহিদুল ইসলামের অভিযোগ, সীমান্ত এলাকা হওয়ার অজুহাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটি মেরামতে গড়িমসি করছে। প্রায় ৫০ বছরের পুরনো এই কালভার্টটি দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় ছিল, যা এখন পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

মিঠাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ হোসেন বলেন, কালভার্টটি অনেক পুরনো। এটি ভেঙে যাওয়ার পরপরই আমরা উপজেলা প্রকৌশলীকে অবহিত করেছি।

এ বিষয়ে বদলগাছী উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দ্রুত সময়ের মধ্যে সেখানে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা হবে।

তিনি আরও বলেন, নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে। তবে আপাতত চলাচলের সুবিধার্থে ভেঙে যাওয়া অংশটি সমান করতে স্থানীয় ইউপি সদস্যকে মাটি বা ইটের রাবিশ ফেলার নির্দেশনা দেয়া হয়েছে।