ঢাকা | এপ্রিল ১৮, ২০২৬ - ১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর নির্বাচন আজ

  • আপডেট: Friday, April 17, 2026 - 11:59 pm

স্টাফ রিপোর্টার: আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর নির্বাচন। নির্বাচনকে ঘিরে রাজশাহীর ব্যবসায়িক অঙ্গনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে ২ হাজার ৯শ’ ভোটার ২৯টি বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এখানে ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহ সভাপতি ও ১৮টি পরিচালক পদ রয়েছে।

এর আগে নির্ধারিত সময় অনুযায়ী গত ১৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রমজান মাস ও জাতীয় নির্বাচনের কারণে তা স্থগিত করা হয়।

এবারে দুইটি প্যানেলে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনি বৈতরণী পার হবেন। প্যানেল দুইটি হলো-সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদ ও সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ। স্বতন্ত্র ভাবে সভাপতি পদে নির্বাচন করছেন আব্দুল আওয়াল খান চৌধুরী জ্যোতি। সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদের নেতৃত্বে আছেন রাজশাহী হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন। তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিনিয়র সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শামসুর রহমান শান্তন ও সহসভাপতি পদে একেএম সারওয়ার জাহান প্রিন্স প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্যানেলে ১৮ জন পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃত্বে আছেন চেম্বারের সাবেক সভাপতি হাসেন আলী। তিনি এবার সভাপতি পদে নির্বাচন করছেন। এছাড়াও সিনিয়র সহসভাপতি পদে নির্বাচন করছেন শফিউল আলম বুলু ও সহসভাপতি আছেন জিয়াউদ্দিন জিয়া। এখানেও ১৮ জন পরিচালক প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ভোট গ্রহণ শেষে গণনার পর ফলাফল ঘোষণা করা হবে। জেলা প্রশাসনের তত্বাবধানে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী মোতায়েন থাকবে বলে জানা গেছে।