ঢাকা | এপ্রিল ১৭, ২০২৬ - ২:২৪ পূর্বাহ্ন

রাসিক প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক সমস্যার সমাধান

  • আপডেট: Thursday, April 16, 2026 - 10:11 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর আলুপট্টি স্বচ্ছ টাওয়ারের সামনে আফরিন পেট্রল পাম্প সংলগ্ন একটি নির্মাণাধীন বহুতল ভবনের নির্মাণ সামগ্রী (রড) সড়কের ওপর রাখার কারণে সাধারণ মানুষের যাতায়াত এবং তেল নেয়ার জন্য লাইনে দাঁড়ানো মোটরসাইকেল চালকদের ভোগান্তি সৃষ্টি হচ্ছিল।

এছাড়া পিএন স্কুলের পূর্ব পাশে একটি গলিতে ড্রেন নির্মাণের কাজ চলমান থাকায় রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল। নাগরিক সমস্যার এই দুটি বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলে ধরা হলে তা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের দৃষ্টিগোচরে আসে। এর প্রেক্ষিতে রাসিক প্রশাসক দ্রুত সমস্যাটি সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরেজমিনে গিয়ে পরির্দশন করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা প্রদান করেন।

রাসিক প্রশাসকের নির্দেশনা মোতাবেক গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায়  রাজশাহী সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের একটি প্রতিনিধি দল স্থান দুটি পরিদর্শন করেন। আফরিন পেট্রল পাম্প সংলগ্ন সড়কের ওপর থেকে রড অপসারণ এবং পিএন স্কুলের সামনে ড্রেনে স্লাব বসিয়ে সড়কটি চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।

এর প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলের মধ্যেই সড়কের ওপর রাখা নির্মাণ সামগ্রী অপসারণ করা হয়েছে এবং ড্রেনের ওপর স্লাব বসিয়ে রাস্তাটি পুনরায় জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। পরিদর্শনকালে রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, সহকারী প্রকৌশলী আসিফুল হাবিব নিবিড় এবং উপ-সহকারী প্রকৌশলী আজমল হুদা উপস্থিত ছিলেন।