ঢাকা | মার্চ ৯, ২০২৬ - ২:৫৭ অপরাহ্ন

শিরোনাম

পবার মাদ্রাসা থেকে পালানো দুই কিশোরকে উদ্ধার করল র‌্যাব

  • আপডেট: Tuesday, March 3, 2026 - 10:22 pm

স্টাফ রিপোর্টার: পবার খড়খড়ি এলাকার ভালুকপুকুর আল ইহসান হাফিজিয়া মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়া দুই কিশোরকে উদ্ধার করেছে র‌্যাব।

এরা গত ২৮ ফেব্রুয়ারি ভোরে ব্যাগ নিয়ে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। তারপর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর বেলপুকুর বাইপাস মোড় এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

এ দুই কিশোরেরই বয়স ১৪ বছর। একজনের নাম আকাশ আহমেদ, অন্যজন রিফাত ইসলাম। তাদের বাড়ি রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকায়। র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল তাদের উদ্ধার করে।

মঙ্গলবার দুপুরে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই কিশোর নিখোঁজের ঘটনায় নগরীর মতিহার থানায় তাদের দুজনের বাবা দুটি সাধারণ ডায়েরি করেছিল। এর পরিপ্রেক্ষিতে তাদের সন্ধান শুরু করে র‌্যাব। পরে উদ্ধার করে তাদের মতিহার থানায় দেয়া হয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালেই ওই দুই কিশোরকে অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে।