ঢাকা | এপ্রিল ১৫, ২০২৬ - ৪:৩২ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে ৮ কেজি গান পাউডার উদ্ধার

  • আপডেট: Sunday, March 1, 2026 - 10:07 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার তালধারী এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি ৩৯০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়েছে। এছাড়া এক কেজি ১৭০ গ্রাম কাঁচের গুড়া পাওয়া গেছে।

গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র‌্যাব।

রোববার দুপুরে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫ এর সিপিএসসি শাখার একটি গোয়েন্দা দল দেওপাড়া ইউনিয়নের তালধারী এলাকায় কয়েকজন ব্যক্তি অবৈধ কার্যকলাপের উদ্দেশে অবস্থান করছেন বলে তথ্য পায়। এরপর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত সরে পড়েন।

পরে তল্লাশি চালিয়ে একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতরে স্বচ্ছ পলিথিনে সংরক্ষিত বিস্ফোরক সদৃশ উপাদান এবং নীল পলিথিনে ভাঙা কাঁচের গুড়া পাওয়া যায়। ঘটনাস্থলেই পরিমাপ করে গান পাউডারের পরিমাণ ৮ কেজি ৩৯০ গ্রাম এবং কাঁচের গুড়ার পরিমাণ ১ কেজি ১৭০ গ্রাম নিশ্চিত করা হয়। উদ্ধার হওয়া আলামত বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো গোদাগাড়ী থানায় সাধারণ ডায়েরি মূলে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত, তারা কোথা থেকে এসব উপাদান সংগ্রহ করেছে এবং কী উদ্দেশে ব্যবহার করার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানিয়েছে র‌্যাব।